বদরগঞ্জ পৌর শহরের সড়ক ও নালা বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হলেই রংপুরের বদরগঞ্জ পৌর শহরের পাঁচটি সড়ক কর্দমাক্ত হয়ে পড়ে। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এসব সড়ক সংস্কার এবং সড়কের পাশে থাকা নালাগুলোর ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়।
থানাপাড়া গ্রামের মশিউর রহমান বলেন, ‘গত নির্বাচনে মেয়র বলেছিলেন, আর ভোট করবেন না। এ কারণে শেষবারের মতো তাঁকে ভোট দিয়েছি। কিন্তু নির্বাচিত হওয়ার পর মেয়র কোনো উন্নয়নমূলক কাজ করবেন না, তা ভাবতে পারিনি। এখন দেখছি, তাঁকে ভোট দিয়ে ভুল করেছি।’
কয়েক দিন আগের বৃষ্টিতে পথচারীদের নাকাল হতে দেখা যায়। আমরুলবাড়ি গ্রামের পথচারী লিয়াকত হোসেন বলেন, ‘গ্রামোত কাদো থাকে। কিন্তুক শহরোত দেকোছি আস্তাত (রাস্তায়) তার চাইতে বেশি কাদো। বাজার করবার আসিয়া গায়ের কাপড়চোপড় সউগ কাদোতে নষ্ট হয়্যা গেল।’ প্রায় একই ধরনের মন্তব্য করেন বালুয়াভাটা গ্রামের সিরাজুল হক, পথচারী রমজান আলী সরকারসহ কয়েকজন।
এ ব্যাপারে পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় সড়ক ও নালাগুলো সংস্কার করা যাচ্ছে না। অর্থ বরাদ্দ পাওয়ামাত্র এসব উন্নয়নমূলক কাজ করা হবে।
এক প্রশ্নের জবাবে পৌর মেয়র বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে মেয়র পদে আছি। তাই এ পদে আর ভোট করব না। তবে এ কারণে উন্নয়নমূলক কাজ বন্ধ রেখেছি, পৌরবাসীর এমন অভিযোগ সঠিক নয়।’
১৮ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের হাসপাতাল সড়ক, সাব-রেজিস্ট্রি অফিস সড়ক, পুরানবাজার সড়ক, থানা সড়ক ও স্টেশন সড়কের অবস্থা এখন বেহাল। এসব সড়কের কার্পেটিং ওঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সড়কগুলোর পাশে থাকা পানিনিষ্কাশনের নর্দমাগুলো ময়লা-আবর্জনায় ভরে গেছে। কয়েক দিনের বৃষ্টিতে নর্দমা উপচে ময়লা-আবর্জনাসহ পানি সড়কে ছড়িয়ে পড়ে কাদার সৃষ্টি হয়েছে। এসব সড়ক দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে বেশ অসুবিধা হচ্ছে।