বদরগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ করলেন মেয়র
রংপুরের বদরগঞ্জ পৌরসভার হাসপাতাল সড়কটি স্বাধীনতার পর থেকেই অবৈধ দোকানদারদের দখলে ছিল। অবশেষে গতকাল শনিবার পৌর মেয়র উত্তম কুমার সাহা নিজে হাতে লাঠি নিয়ে ওই সড়ক থেকে দোকানপাট উচ্ছেদ করেন।
উপজেলা প্রশাসন, পৌর কার্যালয় ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সড়কটি মুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর মেয়র একাধিকবার উদ্যোগ নিলেও কোনোভাবেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছিল না। অবশেষে গতকাল দুপুরে পৌর মেয়র ওই সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধানসহ পৌরসভার কাউন্সিলররা।উচ্ছেদের পর থেকে সড়ক দিয়ে যানবাহন অতি সহজে যাওয়া-আসা করছে। এ ঘটনায় পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন অনেক পথচারী।
শাহাপুর গ্রামের আবদুল জব্বার বলেন, ‘বাহে, এই সড়কোত দোকানপাট থাকায় সব সময় যানজট লেগে থাকত। এখন আর যানজট নাই। সড়কটি দখলমুক্ত করে দেওয়ায় পৌর মেয়রকে ধন্যবাদ জানাই।’
এ ব্যাপারে পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে যাওয়া-আসার একমাত্র সড়ক ওটি। প্রতিদিন সড়কের দুধারে অবৈধভাবে কাঁচামালের দোকান বসার কারণে যানজট লেগে থাকত। এতে হাসপাতালে জরুরি রোগী নেওয়া এবং কলেজের ছাত্রীদের যাওয়া-আসায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কিন্তু আগে অনেক চেষ্টা করেও বিভিন্ন কারণে দোকানপাট উচ্ছেদ করতে পারিনি। বাধ্য হয়ে নিজে হাতে লাঠি নিয়ে জনস্বার্থে ওই সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি। কোনোভাবেই সড়কে আর দোকানপাট বসতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে পৌর শহরের অন্য সব সড়কও দখলমুক্ত করা হবে।’