বদরগঞ্জে অবৈধভাবে রেলওয়ের জমি বুঝিয়ে দিলেন কানুনগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের মুসাফিরখানার প্রাচীর অবৈধভাবে ভেঙে যাতায়াতের রাস্তা তৈরি করেছেন স্থানীয় একটি ভুঁইফোড় সংগঠনের নেতা মোকামেঞ্চল হক চৌধুরী। অভিযোগ রয়েছে, রোববার বিকেলে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের কানুনগো আবদুল কাদের রেলওয়ের ১৫ শতক জায়গা মাপজোখ করে বুঝিয়ে দেন মোকাম্মেল হককে। এ ছাড়া তাঁর উপস্থিতিতে ওই প্রাচীর ভেঙে রাস্তা তৈরি করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মনসুর আলীকে গতকাল সোমবার স্টেশনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।মোকামেঞ্চল হক চৌধুরী দাবি করেন, রেলওয়ের ওই জায়গা তাঁর নামে ইজারা রয়েছে। কানুনগো আবদুল কাদের এ কারণে জায়গা মাপজোখ করে তাঁকে বুঝিয়ে দিয়েছেন। যাতায়াতের রাস্তা না থাকায় মুসাফিরখানার প্রাচীর কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এতে রেলওয়ের কোনো সমস্যা হয়নি।কানুনগো বলেন, ‘লালমনিরহাট বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার নির্দেশে মোকামেঞ্চল হক চৌধুরীকে রেলের ওই জায়গা মাপজোখ করে বুঝিয়ে দিয়েছি। তবে মুসাফিরখানার প্রাচীর ভেঙে রাস্তা তৈরি করার সময় আমি সেখানে ছিলাম না।’রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূসম্পত্তি (এস্টেট) কর্মকর্তা আশিষ কুমার চক্রবর্তী বলেন, ‘রেলওয়ের ওই জায়গাটুকু রেলের কাজে ব্যবহারের জন্য কানুনগোকে মাপজোখ করতে বলা হয়েছিল; কাউকে বুঝিয়ে দেওয়ার জন্য নয়। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবদুল হাই গতকাল বলেন, অভিযোগ পেয়ে দায়িত্বে অবহেলার কারণে বদরগঞ্জ স্টেশনমাস্টার মনসুর আলীকে দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। মুসাফিরখানার প্রাচীর ভাঙার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেলওয়ের ওই জায়গা কাউকে ইজারা দেওয়া হয়নি।