বদরগঞ্জে অসম্পূর্ণ ও ভুল প্রশ্নপত্রে পরীক্ষা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসম্পূর্ণ ও ভুলে ভরা প্রশ্নপত্রেই চলছে রংপুরের বদরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষা। গত রোববার অনুষ্ঠিত চতুর্থ ও তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের পরীক্ষা এ রকম প্রশ্নপত্রে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার অনুষ্ঠিত চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রও ছিল অসম্পূর্ণ ও ভুলে ভরা। সরেজমিনে কয়েকটি বিদ্যালয়ে গিয়ে প্রশ্নপত্র যাচাই করে দেখা গেছে, চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রের ৬ নম্বরের এ, বি, সি, ডি, এ প্রশ্নে পাঁচটি বাক্য দিয়ে বলা হয়েছে, বড় হাতের অক্ষর ও বিরাম চিহ্ন ব্যবহার করে পুনরায় লেখো। কিন্তু বাক্য পাঁচটিতে যথাস্থানে বড় হাতের অক্ষর লেখা ছিল। পূর্ণমান ১০০ হলেও প্রতিটি প্রশ্নের ডান পাশে বণ্টন করা মোট মান (নম্বর) লেখা ছিল ৮০। একইভাবে তৃতীয় শ্রেণীর ইংরেজির প্রশ্নপত্রের ৬ নম্বর প্রশ্নেও কয়েকটি বাক্যে যথাস্থানে বড় হাতের অক্ষর ও বিরাম চিহ্ন ব্যবহার করে পুনরায় লিখতে বলা হলেও উত্তর প্রশ্নেই লেখা ছিল। ১০ নম্বর প্রশ্নে একটি অনুচ্ছেদ লিখতে বলা হলেও সেখানে নির্দিষ্ট করে কোনো অনুচ্ছেদ দেওয়া ছিল না। এ ছাড়া প্রশ্নের মান ওপরে ১০০ লেখা থাকলেও প্রতিটি প্রশ্নের ডান পাশে লেখা মান হিসাব করে দেখা যায়, তাতে লেখা ছিল ৪৫। প্রশ্নের অধিকাংশ বানানেও ছিল অসংখ্য ভুল। প্রশ্নপত্রের এসব অসংগতি নিয়ে ১৭ এপ্রিল প্রথম আলোতে ‘অসম্পূর্ণ ও ভুলে ভরা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। শিক্ষকদের অভিযোগ, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাউকে তোয়াক্কা না করে একাই তৈরিসহ ছাপানোর দায়িত্ব নেন। এ কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সোবহান অভিযোগ করে বলেন, ‘উপজেলায় প্রশ্নপত্র তৈরির জন্য পরীক্ষা কমিটি রয়েছে। এক বছর ধরে কমিটির কোনো মিটিং হয়নি। আমি সেই কমিটির সদস্য-সচিব। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমাদের বাদ দিয়ে অসৎ উদ্দেশ্যে একাই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আসাদুজ্জামান দাবি করেন, ‘প্রশ্নপত্রে টুকটাক ভুল হতে পারে। তবে সঙ্গে আমরা এর সমাধান দিচ্ছি। পরীক্ষা কমিটির মাধ্যমেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে।’