বদরগঞ্জে আচরণবিধি মানছেন না প্রার্থীরা
রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৩ প্রার্থী আচরণবিধি মানছেন না বলে অভিযোগ উঠেছে। নির্বাচনে মাইকের ব্যবহার নিষিদ্ধ থাকলেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাইকযোগে প্রচার চালানো হচ্ছে। বাসাবাড়ির দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে পোস্টার। এমনকি উপজেলা নির্বাচন কার্যালয়ের দেয়ালেও সাঁটানো হয়েছে পোস্টার।
উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, ‘বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত কোনো প্রার্থী পথসভার জন্য একটি ও নির্বাচনী প্রচারণার জন্য একটির অধিক মাইক্রোফোন বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্র ব্যবহার করতে পারবেন না। কোনো প্রার্থী মোটরসাইকেলের বহর নিয়ে প্রচারকাজ চালাতে পারবেন না। মোটরসাইকেল, বাইসাইকেল, বাসসহ কোনো যানবাহনে কোনো প্রকার পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল লাগানো যাবে না।’
সরেজমিনে দেখা গেছে, প্রার্থীরা আচরণবিধি উপেক্ষা করে রিকশা, অটোরিকশা, পিকআপ ভ্যানে একাধিক মাইক লাগিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার চালাচ্ছেন। মাইক, রিকশা, অটোরিকশা, পিকআপ ভ্যানে লাগানো হচ্ছে পোস্টার ও ফেস্টুন। অফিস-আদালত, স্কুল-কলেজ ও বাসাবাড়ির দেয়াল, বেড়া, বিদ্যুতের খুঁটি এবং গাছেও সাঁটানো হয়েছে প্রার্থীদের পোস্টার। এমনকি স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতেও ঝোলানো হয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহসিনা বেগম ও তাজুল ইসলামের নির্বাচনী প্রতীক-সংবলিত ফেস্টুন।
খোদ উপজেলা নির্বাচন কার্যালয়ের দেয়ালেও সাঁটানো হয়েছে কয়েকজন প্রার্থীর পোস্টার। প্রার্থীরা মোটরসাইকেলের বহর নিয়ে নিয়মিত নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
পৌর শহরের বালুয়াভাটা গ্রামের বাসিন্দা ফরহাদ হোসেন (৪৩) অভিযোগ করেন, ‘নির্বাচনে নাকি মাইকের ব্যবহার নিষিদ্ধ। অথচ প্রত্যেক প্রার্থী অটোরিকশা ও ভ্যানে একসঙ্গে তিন-চারটি করে মাইক বেঁধে প্রচার চালাচ্ছেন। মাইকের উচ্চ শব্দে বাসায় কান পেতে থাকা যাচ্ছে না।’ জানা গেছে, এবারে বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে।
জানতে চাইলে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াৎ হোসেন শাহান বলেন, ‘নির্বাচনী প্রচারে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকার কথা আমার জানা নেই। তবে বিভিন্ন স্থানে আমার সাঁটানো নির্বাচনী পোস্টার আমি তুলে ফেলছি।’
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ফজলে রাব্বী বলেন, সব প্রার্থী পোস্টার দেয়ালে সেঁটেছে। তাই তিনিও সেঁটেছেন। নির্বাচনে মাইক ব্যবহার নিষিদ্ধের কথা তাঁর জানা নেই। আচরণবিধি লঙ্ঘন করা সম্পর্কে উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, আচরণবিধি লঙ্ঘনকারীদের ইতিমধ্যে বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। দেয়ালে সাঁটানো পোস্টার যাঁরা এখনো সরিয়ে নেননি, তাঁদের শোকজ করা হবে। নির্বাচনের প্রচারে মাইকের ব্যবহার নিষিদ্ধ নেই। বিধিমালা দেখতে বললে তিনি বলেন, ‘জেনেই বলছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘প্রচারকাজে প্রত্যেক প্রার্থী একসঙ্গে দুটি মাইক ব্যবহার করতে পারবেন।’ মাইকের ব্যবহার নিষিদ্ধ থাকার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘এটা জানা নেই। জেনে জানাব। নির্বাচন বিধি অনুসরণ করা হচ্ছে কি না, তা দেখার জন্য উপজেলায় ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া আছে। আমি ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে এ বিষয়ে কথা বলব।’