বদরগঞ্জে আচরণবিধি লঙ্ঘন, চলছে শক্তির মহড়া
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় শক্তির মহড়া প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাধানগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমান বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাচ্চু খাঁ প্রচারণার নামে শক্তির মহড়া প্রদর্শন করছেন। তিনি গত মঙ্গলবার বাড়িতে গরু জবাই করে ভোটারদের ভূরিভোজ করিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করলেও প্রতিকার হয়নি।’বাচ্চু খাঁ বলেন, ‘আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এলাকার কিছু মানুষকে দাওয়াত করেছিলাম। এটা অন্যায় কিছু নয়। আমাকে ঘায়েল করার জন্য আমার বিরুদ্ধে নানা অভিযোগ করা হচ্ছে।’কালুপাড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল হক সরকার তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল হকের বিরুদ্ধে ৭ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, শহিদুল হক বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁর প্রতীকে ভোট চাচ্ছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন বাসাবাড়ি, গাছে ও দোকানে পোস্টার সাঁটিয়েছেন। চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল হক বলেন, ‘ভোটারদের যদি হুমকি দিই, তাহলে আমাকে ভোট দেবে কে? এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। বরং আশরাফুল হক আমার ভোটারকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন।’বিষ্ণুপুর ইউপির দুই চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী ও ফারুক হোসেন মণ্ডলের পক্ষে শক্তির মহড়া প্রদর্শনকালে গত মঙ্গলবার সন্ধ্যায় ওসমানপুর মাদ্রাসার কাছে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত ওসমানপুর সরকারপাড়া গ্রামের শাহাদত হোসেনকে (১৭) তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রামনাথপুর ইউপির ঘাটাবিল গ্রামের ভোটার ওমর আলী (৪৫) বলেন, ‘ভোট নয়, প্রার্থীরা যেন শক্তির মহড়ায় নেমেছেন। এতে আমরা ভয়ে আছি।’দামোদরপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শতাধিক মোটরসাইকেলযোগে মিছিলসহ এলাকায় শক্তির মহড়া প্রদর্শন করছেন। ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ দিচ্ছেন। এ ব্যাপারে অভিযোগ করেও কোনো ফল পাইনি।’মঙ্গলবার রাত পৌনে ১২টায় দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী হাটখোলাপাড়া গ্রামে দেখা গেছে, আজিজুল হকের সমর্থনে শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল করা হচ্ছে। এ কারণে গভীর রাতে গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। আজিজুল হক বলেন, ‘নির্বাচনী প্রচারণায় বের হলে অনেকে ভালোবেসে মোটরসাইকেল নিয়ে আসেন। আমি কী করব? আর আমি তো কাউকে কোনো টাকা দিই না। বরং প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন।’ কুতুবপুর ইউপির বালুয়াপাড়া, মোল্লাপাড়া, সর্দারপাড়া, নাটারাম, কাঠেরপুল বাজার ও নাগেরহাট এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বাসাবাড়ির দেয়াল, দোকানপাট ও গাছে নির্বাচনী পোস্টার সেঁটে দিয়েছেন। ইউএনও রেজাউল আলম সরকার বলেন, ‘প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন—এ তথ্য আমার কাছে আছে। আমি অন্য উপজেলায় নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় ব্যবস্থা নিতে পারছি না। কাল শুক্রবার ও আগামী শনিবার প্রার্থীদের নিয়ে বৈঠক করব। এতে কাজ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হবে। প্রাপ্ত লিখিত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।’ আগামী ২২ জুন উপজেলার ১০টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।