বদরগঞ্জে আবাসিক চিকিৎসা কর্মকর্তা নেই সাত মাস
রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) পদটি সাত মাস ধরে খালি রয়েছে। এ পদে হাসপাতালটিতে কেউ দায়িত্ব পালন করতে চান না। এ পদে অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসকও হাসপাতালে রাতে থাকেন না। ফলে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি থাকা রোগীরা রাতে চিকিৎসাসেবা পাচ্ছেন না।
হাসপাতাল সূত্র জানায়, উপজেলার ৩১ শয্যার ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফরিদুল ইসলামকে গত ৫ জানুয়ারি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। ৬ জানুয়ারি ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় হাসপাতালের সহকারী সার্জন হেমন্ত রায় চৌধুরীকে। তিনি তিন মাস দায়িত্ব পালন করার পর ব্যক্তিগত সমস্যা দেখিয়ে ওই পদ থেকে সরে যান। এরপর আরেক সহকারী সার্জন সাদিকুর রহমানকে আরএমওর দায়িত্ব দেওয়া হয়। তিনিও তিন মাস দায়িত্ব পালন করার পর গত ৩১ জুন ব্যক্তিগত সমস্যা দেখিয়ে ওই পদ ছেড়ে দেন। গত ১ জুলাই ওই পদে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন হাসপাতালের অপর সহকারী সার্জন তৌফিক আহম্মেদ।
হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী অভিযোগ করেন, তৌফিক আহম্মেদ ওই পদে দায়িত্ব নিলেও তিনি রাতে রংপুর শহরে থাকেন। সেখান থেকে হাসপাতালে যাওয়া-আসা করেন। সকালে এসে বিকেলের মধ্যে হাসপাতাল ত্যাগ করেন। এ কারণে হাসপাতালে বিভিন্ন বিভাগে ভর্তি থাকা রোগীরা দিনরাত ২৪ ঘণ্টার মধ্যে শুধু দুপুরে একবার ওই চিকিৎসকের দেখা পান। রাতে তিনি না থাকায় রোগীরা চিকিৎসাসেবা পান না।
রোগীরা আরও অভিযোগ করেন, আরএমও হাসপাতালে অবস্থান না করায় জরুরি বিভাগে রোগী দেখছেন চিকিৎসা সহকারীরা। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের দুজন সেবিকা বলেন, আরএমও না থাকায় হাসপাতালটি অভিভাবকহীন হয়ে পড়েছে।
বাওচণ্ডীপাড়া গ্রামের কৃষক ছামসুল হক অভিযোগ করেন, তিনি তাঁর স্ত্রী মোহসিনা বেগমকে (৩৫) প্রচণ্ড জ্বর নিয়ে ২৮ জুলাই হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাসেবা না পাওয়ায় চার দিন পর সুস্থ না হতেই তিনি স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে যান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাসপাতালে কোনো চিকিৎসা নেই। রাতে কোনো ডাক্তার পাওয়া যায় না।’
দায়িত্বপ্রাপ্ত আরএমও তৌফিক আহম্মেদ হাসপাতালে রাতে অবস্থান না করার কথা স্বীকার করে বলেন, ‘ভাই, আমি এই পদে দায়িত্ব নিতে চাইনি। আমাকে জোর করে দেওয়া হয়েছে। এ পদে দায়িত্ব পালন করে বাড়তি কোনো সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায় না। অহেতুক ঝামেলা আর বাড়তি টেনশন। তারপরও যেহেতু দায়িত্ব নিয়েছি, যতটুকু পারছি দায়িত্ব পালনের চেষ্টা করছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার বলেন, ‘আরএমও না থাকায় হাসপাতালে অনেক সমস্যা হচ্ছে। স্থায়ীভাবে আরএমও চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।’