বদরগঞ্জে আলুখেতে পচন রোগ, বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় রংপুরের বদরগঞ্জ উপজেলায় আলুখেতে পচন রোগ দেখা দিয়েছে। বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করেও রোগ প্রতিরোধ করতে না পেরে কৃষকেরা বিপাকে পড়েছেন।
গত মঙ্গলবার উপজেলার রাধানগর, দামোদরপুর, কালুপাড়া, রামনাথপুর, লোহানীপাড়া ও কুতুবপুর ইউনিয়ন ঘুরে অন্তত ২০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিনের ঘন কুয়াশা ও ঠান্ডায় আলু গাছে এ পচন রোগ দেখা দিয়েছে। পচন প্রতিরোধে তাঁরা বিভিন্ন কোম্পানির ওষুধ খেতে প্রয়োগ করছেন। এরপরও তাঁরা আলুগাছ রক্ষা করতে পারছেন না। গাছ ও পাতা ধীরে ধীরে পচে যাচ্ছে।
রাধানগর ইউনিয়নের মোকসেদপুর গ্রামের হারুন খাঁ (৪৫) বলেন, তিনি আড়াই মাস আগে ৯০ শতক জমিতে দেশি জাতের পাটোনী আলু লাগান। ১৫ দিন আগে তাঁর আলুগাছ ভালো ছিল। কিন্তু গত সপ্তাহের বৈরী আবহাওয়ায় আলুগাছে পচন দেখা দেয়। তিনি বিভিন্ন কোম্পানির ওষুধ প্রয়োগ করেও গাছ রক্ষা করতে পারেননি। সব গাছ পচে নষ্ট হয়ে গেছে। ওই জমিতে সার, বীজ ও নিড়ানিসহ তাঁর ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এবার খরচের টাকাও উঠবে না। একই ইউনিয়নের খালিসা হাজিপুর গ্রামের কৃষক সাদেকুল ইসলাম (৪৫) বলেন, তাঁর ৩০ শতক জমির আলুখেত পচে গেছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আলুখেতে কীটনাশক দিয়েও কোনো লাভ হয়নি।
দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি গ্রামের কৃষক ভুলু চন্দ্রের ১৮ শতক, আবু বক্কর সিদ্দিকের ৩০ শতক, আবু মোতালেবের ৪৫ শতক, আনছার আলীর ৩০ শতক, কুতুবপুরের নাগেরহাট গ্রামের ওমেদুল ইসলামের ৬০ শতক ও কালুপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের আবদুল হকের ৪০ শতক জমির আলুখেত পচন রোগে নষ্ট হয়েছে। তাঁরাও বিভিন্ন কোম্পানির ওষুধ প্রয়োগ করে কোনো লাভ পাননি বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার এ উপজেলায় ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান প্রথম আলোকে বলেন, ‘পচন রোগটি হচ্ছে ছত্রাকজনিত। আবহাওয়ার তারতম্য, কুয়াশা ও তীব্র ঠান্ডা হলে এ রোগ দেখা দেয়। বৈরী আবহাওয়ায় কিছু আলুখেতে এ রোগ দেখা দিয়েছিল। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়ায় তা অনেকটা দূর হয়েছে।’