বদরগঞ্জে আহত আ.লীগ নেতা মারা গেছেন
রংপুরের বদরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবদুল কাদেরকে (৪৪) কুপিয়ে ও খুঁচিয়ে আহত করার এক মাস ২৪ দিন পর গত সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।গত ২০ নভেম্বর রাতে জমি দখলের প্রতিবাদ করায় রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রউফের নেতৃত্বে দুর্বৃত্তরা তাঁকে বল্লম ও ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে ও কুপিয়ে আহত করেন। ওই দিনেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত নয়টার দিকে তিনি মারা যান। উপজেলার দামোদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরের সঙ্গে এলাকার জামালপুর মৌজায় অবস্থিত ১৮৭ শতক আবাদি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রউফের। এ নিয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় ও আদালতে একাধিক মামলা দায়ের করে। আবদুর রউফ বলেন, ‘ওই জমির মালিক আমিসহ আমার স্বজনেরা। আবদুল কাদের ওই জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করেন। ২০ নভেম্বর রাতে তিনি জমি দখল করতে গেলে আমরা প্রতিবাদ করি। ওই রাতে দুই পক্ষের হাতাহাতিতে কাদের আহত হন। দীর্ঘদিন পর কীভাবে তিনি মারা গেলেন তা জানি না।’বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বলেন, মৃত্যুর সনদ পেলেই হত্যার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।