বদরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন নয়জন সদস্য। তাঁরা তাঁর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তুলে গত রোববার অনাস্থা প্রস্তাব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
অনাস্থা প্রস্তাবে সই করা সদস্যরা হলেন মোহাম্মদ নুর আলম, বকুল মিয়া, আবদুর রহমান, সামিউল ইসলাম, নুর আলম, আবু সাহেদ, মাহাবুবার রহমান, নারী সদস্যা আনোয়ারা বেগম ও আমেনা বেগম। ইউপির বাকি তিন সদস্য ওই প্রস্তাবে সই করেননি।
লিখিত ওই অনাস্থা প্রস্তাবে অভিযোগ করা হয়, চলতি অর্থবছরে ইউনিয়নের গড়ডাঙ্গী থেকে ফলিমারীর ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশের গাছ বিক্রির চার লাখ টাকা, বসতবাড়ির ট্যাক্স আদায় বাবদ সাড়ে তিন লাখসহ ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, ইটভাটার টোল, হাট-বাজার, জলকরের টোল ও ইউনিয়ন পরিষদের দোকানভাড়া আদায় করে প্রায় ১০ লাখ টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেছেন।
ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘ইউপির সদস্যরা না বুঝে আমার বিরুদ্ধে অনাস্থা এনেছেন। আমি কোনো কাজে দুর্নীতি করিনি। টাকা আত্মসাতের অভিযোগ সঠিক নয়।’