বদরগঞ্জে ইকবাল ‘হত্যা’র বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে ইকবাল হোসেন নামের (৩৫) এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রংপুরের বদরগঞ্জ উপজেলা সদরের শহীদ মিনারের পাশে এলাকাবাসী গত শনিবার মানববন্ধন করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা গ্রামের মৃত খাজা আবদুল ওয়াহাবের ছেলে ইকবাল হোসেন ১০ বছর আগে লালমনিরহাটের মিশনপাড়ার আনোয়ার হোসেনের মেয়ে আরেফিন নাহারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। ১৯ জানুয়ারি ইকবালের বন্ধু একরামুল হক ইকবালের ভাইদের কাছে মুঠোফোনে জানান, ইকবাল মারা গেছেন। খবর পেয়ে ইকবালের স্বজনেরা লালমনিরহাটে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাঁদের প্রথমে জানান, ইকবাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরে জানানো হয়, তিনি আত্মহত্যা করেছেন। এতে সন্দেহ হলে ইকবালকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ওই দিনই তাঁর বড় ভাই খাজা শাহরিয়ার লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ইকবালের স্ত্রী আরেফিন নাহার, তাঁর শ্যালক সাবু মিয়া ও বাবু মিয়াকে আসামি করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা কিরণ কুমার রায় নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, ইকবালের লাশ একটি চৌকির ওপর শোয়ানো অবস্থায় পাওয়া যায়। তাঁর বাঁ চোখের চারদিকে রক্তের দাগ, ডান পায়ের হাঁটুতে জখম ও গলায় কালো দাগ ছিল। এতে আরও উল্লেখ করা হয়েছে, ইকবালের মৃত্যু সম্পর্কে স্ত্রী ও শ্যালকদের ভিন্ন রকম বক্তব্যে তাঁর মৃত্যু নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।ইকবালের স্ত্রী আরেফিন নাহার বলেন, ‘ইকবাল রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এখন তাঁর পরিবারের লোকজন মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন।’