বদরগঞ্জে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে রমজান আলী (৩৫) নামের এক ব্যবসায়ীকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল বুধবার উপজেলার শ্যামপুর আকন্দপাড়া গ্রামের সড়কের পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি উপজেলার নান্দিনা দাঁড়ারপড় গ্রামে। এ ঘটনায় তাঁর স্ত্রী রহিমা বেগম বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।মামলার এজাহার ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে রমজান আলী বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে গোপালপুর হাটে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, রমজানের মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ফেলে পালিয়ে যায়।রহিমা বেগম জানান, তাঁর স্বামীর কোনো শত্রু ছিল না। কেন তাঁর স্বামীকে মেরে ফেলা হলো, তা বুঝতে পারছেন না। তবে তিনি ধারণা করছেন, রাতে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তাঁর স্বামীকে মেরে ফেলেছে।