বদরগঞ্জে এক মাদ্রাসা কমিটির দুই সভাপতির সভা আহ্বান, ১৪৪ ধারা
রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাহারুল উলুম দাখিল মাদ্রাসায় দুই সাংসদের মনোনীত দুই সভাপতি গতকাল রোববার একই স্থানে একই সময়ে সভা আহ্বান করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।মাদ্রাসা সূত্রে জানা যায়, বাহারুল উলুম মাদ্রাসা পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ৩ নভেম্বর মোস্তাক আহম্মদকে সভাপতি নির্বাচন করা হয়। এর কিছু দিন পর বদরগঞ্জে জাতীয় পার্টির সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকারকে ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নাম প্রস্তাব করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সুপারিশ (ডিও লেটার) পাঠান। পরে মোস্তাক আহম্মদও সভাপতির পদ ধরে রাখার জন্য এলাকার দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসনের সাংসদ ফরিদা আখতারের সুপারিশ সংবলিত চিঠি মাদ্রাসা বোর্ডে পাঠান। এ দিকে ২৩ নভেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ড গোলাম মোস্তফা সরকারকে মাদ্রাসার সভাপতি পদে অনুমোদন দেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে মোস্তাক আহম্মদ গত ২১ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। জানা যায়, গতকাল সকাল ১০টায় মাদ্রাসার পক্ষ থেকে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করার কথা ছিল মোস্তাক আহম্মদের। কিন্তু গত শনিবার রাতে গোলাম মোস্তফা সরকারও মাইকিং করে একই সময়ে ওই মাদ্রাসায় উন্নয়ন ও সমন্বয় সভা আহ্বান করেন। এ অবস্থায় মাদ্রাসা প্রাঙ্গণে ১৪৪ ধারা জারি করেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার। এতে মাদ্রাসা চত্বরে কোনো পক্ষই গতকাল অনুষ্ঠান করতে পারেনি। মোস্তাক আহম্মদ দাবি করেন, ‘হাইকোর্টে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৯ জানুয়ারি আমাকে মাদ্রাসার সভাপতি পদে পুনর্বহালের আদেশ দেন। সেই অনুযায়ী গতকাল সকালে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আমার সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু একই সময়ে গোলাম মোস্তফা সরকার বিধিবহির্ভূতভাবে মাদ্রাসা প্রাঙ্গণে সভা আহ্বান করেন।’গোলাম মোস্তফা নিজেকে ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দাবি করে প্রথম আলোকে বলেন, ‘৩৫ বছর ধরে ওই প্রতিষ্ঠানে শুধু লুটপাট হয়েছে। উন্নয়ন হয়নি। আমি প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চাই।’ ইউএনও বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় ওই মাদ্রাসা চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়।