রংপুরের বদরগঞ্জে গরু চুরির হিড়িক পড়েছে। এক সপ্তাহে উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ১৮টি গরু চুরি হয়েছে। চুরি ঠেকাতে এখন অনেক কৃষক রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। গরু চুরির খবর পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার গত সোমবার বিকেলে তাঁর কার্যালয়ে ১০ ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে জরুরি সভা করেছেন। জানা গেছে, ১৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত উপজেলার দক্ষিণ রামনাথপুর নামাপাড়া গ্রামের হূদয় কুমার বিশ্বাসের তিনটি, দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী গ্রামের গড়ডাঙ্গীপাড়ার রবিউল ইসলামের দুটি, গোপীনাথপুর বালাডাঙ্গা এলাকার মজিবর রহমান চৌধুরীর দুটি, বোর্ডেরহাট এলাকার তালেব মিয়ার দুটি, মধুপুর মোড়লপাড়ার শামসুল হকের একটি, কুতুবপুর দক্ষিণ বাউচণ্ডী ডাঙ্গাপাড়া গ্রামের আলতাব হোসেনের দুটি, নাটারাম পশ্চিমপাড়ার জলিল মুহুরীর একটি, বিষ্ণুপুর বুজরুক বাগবাড় এলাকার নূরের একটি এবং আমরুলবাড়ী আসমতপাড়া গ্রামের কেরামত আলীর একটি গরুসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৮টি গরু চুরি হয়েছে।কৃষক হূদয় কুমার বিশ্বাস বলেন, ‘মুই কেষক মানুষ। ধান বেচে কষ্ট করি গরুর খামার করছু। চোরের নজরটা মোর গরিবের উপর পউল ক্যান। তিনটা গাবির দাম কম করি দ্যাড় লাখ টাকা। এই ক্ষতি কোন দিন পুশপ্যার নেয় বাবু।’গোপালপুর ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান গত রোববার ইউএনওর সভাকক্ষে জেলা প্রশাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার ইউনিয়ন থেকে প্রায় রাতেই গরু চুরি হচ্ছে। কৃষকেরা রাত জেগে গোয়ালঘর পাহারা দিয়েও চুরির কবল থেকে গরু রক্ষা করতে পারছেন না।’ বদরগঞ্জ থানার ওসি কৃষ্ণকুমার সরকার বলেন, ‘গত রোববার এক গরুচোরকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি বন্ধে গ্রামাঞ্চলে রাতে চৌকিদার-দফাদারদের দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। চোরদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। তবে সমস্যা হচ্ছে, গরু চুরির পর থানায় অনেকে অভিযোগ দেন না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থান থেকে গরু চুরির অভিযোগ পাওয়ার পর চুরি বন্ধে গত সোমবার বিকেলে ইউপি চেয়ারম্যানদের নিয়ে জরুরি বৈঠক করেছি। গ্রামগঞ্জে গ্রামপুলিশ ও আনসার সদস্যদের রাতে দায়িত্বে নিয়োজিত করতে চেয়ারম্যান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।