বদরগঞ্জে একই স্থানে দুই পক্ষের সভা ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে পৌর জাতীয় পার্টি এবং ১০ দফা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে গতকাল শুক্রবার একই স্থানে ও একই সময় সভা আহ্বান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। বিকেলে স্থানীয় রেলওয়ে স্টেশন চত্বরে ওই সভা আহ্বান করা হয়। ১৪৪ ধারা জারির কারণে ওই স্থানে কোনো পক্ষই সভা করতে পারেনি। জানা গেছে, নেতা-কর্মীদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার দাবি ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দলটি ওই সভা আহ্বান করে। দলের বিদ্রোহী নেতা মোকামেঞ্চল হক চৌধুরী ১০ দফা সংগ্রাম পরিষদের নামে একই স্থানে ও একই সময় পাল্টা সভা আহ্বান করেন। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদের নির্দেশে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়। পৌর জাতীয় পার্টির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের সভা বানচাল করতে মোকামেঞ্চল হক চৌধুরী পাল্টা সভা ডাকেন।’ মোকামেঞ্চল হক বলেন, ‘স্থানীয় সমস্যার কথা বলতে ১০ দফা সংগ্রাম পরিষদের নামে ওই সভা আহ্বান করা হয়।’