বদরগঞ্জে একজনের আপত্তিতে এক গ্রাম বিদ্যুৎহীন ১৭ দিন
রংপুরের বদরগঞ্জে একটি গ্রামে ১৭ দিন ধরে বিদ্যুৎ নেই। এতে ওই গ্রামের দুই শতাধিক মানুষ ভোগান্তি পোহাচ্ছে। স্থানীয় এক ব্যক্তি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া লাইনের তারে বিদ্যুৎ সরবরাহ দিতে বাধা দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে উপজেলার রামকৃষ্ণপুর ছোট ভিটারডাঙ্গা গ্রামে স্থানীয় একটি কবরস্থানের ওপর দিয়ে তার টেনে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। এরপর ওই কবরস্থানে গাছ লাগানো হলে তা বেড়ে উঠে বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। ৮ জুন গাছের ডালের সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের লোকজন ঘটনাস্থলে যান এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। পরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা গাছগুলো কেটে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে চাইলে কবরস্থানের মালিক আলমগীর হোসেন তাতে বাধা দেন। এরপর থেকে ওই গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।পল্লী বিদ্যুৎ সমিতির বদরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ‘আমরা ওই গ্রামের গ্রাহকদের স্থানীয়ভাবে বিষয়টি সুরাহা করার পরামর্শ দিয়েছি। মীমাংসা না হলে প্রশাসনের সহায়তা নিয়ে গাছ কেটে বিদ্যুৎ সরবরাহ করা হবে।’ কবরস্থানের মালিক আলমগীর হোসেন দাবি করেন, বৈদ্যুতিক তার টানার আগেই গাছগুলো লাগানো হয়েছে। বিদ্যুৎ বিভাগ তাঁদের লাইনের তার অন্য জায়গা দিয়ে টেনে ওই গ্রামে বিদ্যুৎ সরবরাহ করতে পারে।