বদরগঞ্জে কবিরাজি ওষুধ খেয়ে মা-ছেলের মৃত্যুর অভিযোগ, অসুস্থ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে কবিরাজি বলবর্ধক ওষুধ খেয়ে মা-ছেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেলে পৌরসভার শংকরপুর ফয়েজেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।

মারা যাওয়া দুজন হলেন কছিরন নেছা (৭২) ও তাঁর ছেলে আবদুস সালাম (৪২)। অসুস্থ দুজন হলেন মৃত কছিরনের আরেক ছেলে নুর হোসেন (৪৫) ও নাতবউ নুরজাহান বেগম (৩৫)। আটক কবিরাজের নাম মজিবর রহমান (৭০)। তিনি মারা যাওয়া বৃদ্ধার জামাতা।

আজ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বলবর্ধক খেয়ে অসুস্থ নুরজাহান বেগম শারীরিকভাবে বেশ দুর্বল। এ কারণে দাদিশাশুড়ি কছিরন নেছা গত মঙ্গলবার রাতে তাঁর জামাতা গ্রাম্য কবিরাজ মজিবর রহমানকে গাইবান্ধা থেকে নিজ বাড়িতে ডেকে আনেন। প্রতিবেশী প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি জানান, আজ সকাল ১০ টার দিকে ওই কবিরাজ গাভির দুধের সঙ্গে ইসবগুলসহ অন্তত ৩০ ধরনের দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করেন। এরপর সেই বড়ি খালি পেটে নুরজাহানকে খাওয়ান। শক্তি বাড়ার আশায় ওই ওষুধ একই সঙ্গে কছিরন এবং তাঁর ছেলে আবদুস সালাম ও নুর হোসেন খান।

কছিরন নেছার নাতি ইব্রাহীম মিয়া (৩০) ও প্রতিবেশী রেশমা খাতুন বলেন, ওই কবিরাজি ওষুধ দেহের শক্তিবর্ধনের জন্য খাওয়ানো হয়েছিল। বড়ি খাওয়ার পর দুপুরের দিকে ওই চারজনের মাথাব্যথা শুরু হয়। এর পরে শরীর থেকে ঘাম ঝরতে থাকে। একপর্যায়ে চারজনকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কছিরন নেছা ও আবদুস সালাম মারা যান। অপর দুজনকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তারি জাহান বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা-ছেলে মারা গেছেন। তাঁরা কবিরাজি ওষুধ খেয়েছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। এতে হয়তো বিষক্রিয়ার সৃষ্টি হয়েছিল।’

হাসপাতাল থেকে আটক কবিরাজ মজিবর রহমান বলেন, ‘৪০-৫০ বছর ধরে কবিরাজি করি। আমি ওষুধ তৈরি করে দিয়ে ছোট ছোট বড়ি আকারে ওষুধগুলি খাইতে বলেছিলাম। কিন্তু বেশি উপকার পাওয়ার আশায় তাঁরা নিজেরা বড় বড় বড়ি তৈরি করে খেয়েছে। মাত্রাতিরিক্ত ওষুধ খাওয়ায় ওই সমস্যার সৃষ্টি হয়েছে।’

বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশ থানায় নেওয়া হয়েছে। অভিযুক্ত কবিরাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।