বদরগঞ্জে কম দামে সার তবু আগ্রহ নেই কৃষকের
রংপুরের বদরগঞ্জে সারের চাহিদা কমে যাওয়ায় লাইসেন্স রক্ষায় বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে সার বিক্রি করছেন ডিলাররা। তবুও কাঙ্ক্ষিত পরিমাণে সার কিনছেন না কৃষকেরা।ডিলার পর্যায়ে সরকারিভাবে ইউরিয়া প্রতি বস্তা (৫০ কেজি) এক হাজার টাকা, টিএসপি এক হাজার ১০০ ও পটাশ ৭৫০ টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু বদরগঞ্জে ইউরিয়া বস্তাপ্রতি ৫০ থেকে ৬০ টাকা, পটাশ ৪০ ও টিএসপি ৬০ থেকে ৭০ টাকা কম দামে বিক্রি করছেন ডিলাররা। কয়েকজন ডিলার জানান, চাহিদা কমে যাওয়ায় সার উদ্বৃত্ত থাকলেও সরকার তা মানতে নারাজ। প্রতি মাসেই ডিলারদের নামে সার বরাদ্দ দিচ্ছে। বাধ্য হয়ে ডিলাররা লাইসেন্স রক্ষায় ও টাকা ছাড় করিয়ে নতুন বরাদ্দ তুলতে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে সার বিক্রি করে দিচ্ছেন। ডিলার মণি কুণ্ডু বলেন, ‘কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। সংসার চালাতেই তাঁদের হিমশিম খেতে হচ্ছে। এ কারণে বোরো মৌসুমে জমিতে কৃষকেরা কম পরিমাণে সার প্রয়োগ করছেন। এতে চাহিদা কমে যাওয়ায় ডিলারদের কাছে সার উদ্বৃত্ত থাকছে।’ ডিলার আহম্মদ উল্লাহ বলেন, ‘লাইসেন্স রক্ষায় প্রতি মাসে বরাদ্দ করা সার আমাকে তুলতে হয়। বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামেই সার বিক্রি করছি।’উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, জানুয়ারিতে উপজেলার ১০ জন ডিলার ইউরিয়া বরাদ্দ পান ২৭ হাজার ৪০০ বস্তা। এই সারের বেশির ভাগ এখনো বিক্রি হয়নি। কারণ জমিতে এখনো ইউরিয়া প্রয়োগের সময় আসেনি। কৃষকদেরও কিছুটা অর্থনৈতিক সমস্যা আছে। এ কারণে তাঁরা সার কম কিনছেন। বাধ্য হয়ে ব্যবসায়িক পলিসির কারণে ডিলাররা নির্ধারিত দামের চেয়ে কম দামে সার বিক্রি করছেন।