বদরগঞ্জে কৃষক খুন, চারজনের বিরুদ্ধে মামলা
রংপুরের বদরগঞ্জ উপজেলার দক্ষিণ শিবপুর শাখোয়াপাড়া গ্রামের হাছিনুর রহমান (২৮) নামের এক কৃষক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে শাখোয়ার দোলা নামক স্থানের একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
হাছিনুরের স্ত্রী মর্জিনা বেগম অভিযোগ করেন, গত সোমবার রাত ১০টার দিকে তাঁর স্বামীকে প্রতিবেশী জিয়াউল হক ও মঞ্জুরুল ইসলাম বাড়ি থেকে ডেকে নেন। পরদিন সকালে এলাকার শাখোয়ার দোলার বোরো ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়। মর্জিনার অভিযোগ, জিয়াউলের সঙ্গে তাঁর স্বামীর জমি নিয়ে বিরোধ ছিল। তাঁরা হাছিনুরকে হত্যা করে থাকতে পারেন।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারী জানান, ধানখেতের কাদাপানিতে পড়ে থাকা অবস্থায় হাছিনুরের লাশ উদ্ধার করা হয়। তাঁর কপাল ও চোখের নিচে কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাদাপানিতে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাছিনুরের বাবা নাছির উদ্দিন বাদী হয়ে গতকাল বিকেলে জিয়াউল ও মঞ্জুরুলসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।