বদরগঞ্জে কৃষকদের কাজে আসছে না চাষি বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার চাষি বাজারটি প্রকৃত কৃষকদের কাজে আসছে না। ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে এ বাজারের জায়গা ও কক্ষগুলো। তাঁরা মালামাল রাখার গুদাম হিসেবে এটি ব্যবহার করছেন।শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, চাষি বাজারের সামনে মুরগির বর্জ্যের স্তূপ। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাজারের ভবনের ছাদে দুজন ব্যবসায়ী হলুদ শুকাচ্ছেন। ভেতরে রাখা হয়েছে মোটরসাইকেল, রিকশা-ভ্যান, মাছের খাঁচা ও তুষের বস্তা। টয়লেট দুটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। চাষি বাজারের সাতটি দোকানঘরের প্রতিটিতে তালা ঝুলছে। দেয়ালের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। খোঁজ নিয়ে জানা গেছে, কক্ষগুলো মুদি, মাছ, কীটনাশক ও হলুদ ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। মহিলাদের জন্য চারটি দোকান বরাদ্দ থাকলেও সেগুলো বদরগঞ্জ পৌরশহরের ব্যবসায়ী কার্তিক কুণ্ডু, তারাজুল ইসলাম, রফিকুল ইসলামসহ অপর এক মুদি ব্যবসায়ী তাঁদের স্ত্রীদের নামে প্রতি মাসে মাত্র ১০০ টাকায় ভাড়া নিয়েছেন। তাঁরাও সেগুলো গুদাম হিসেবে ব্যবহার করছেন। ব্যবসায়ী তারাজুল ইসলাম বলেন, ‘আমি তো স্ত্রীর নামে ঘর মাগনায় (বিনে টাকায়) নেইনি। প্রতি মাসে ১০০ টাকা ভাড়া দেই। ঘরে দোকানের মালামাল রাখি।’ স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বাজারজাত করার সুবিধার্থে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে বদরগঞ্জ পৌরশহরের কৃষি বিভাগের জায়গায় ২০০৮ সালে ওই চাষি বাজার নির্মাণ করা হয়। চাষি বাজারের ভাড়াটে মাছের আড়তদার জিয়াউল হক বলেন, ‘এ বাজারে কোনো কৃষক নেই। কৃষকেরা এখানে আসতে চায় না। আমরা কৃষি অধিদপ্তরের জেলা মার্কেটিং অফিসারের (বিপণন কর্মকর্তা) কাছ থেকে ঘর ভাড়া নিয়েছি।’ উপজেলার দামোদরপুর চিলাপাক গ্রামের কৃষক হযরত আলী (৪৫) বলেন, ‘আমরা আলু, বেগুন নিয়ে গেলে সেখানকার লোকজন মার্কেটে রাখতে দেয় না। বলে আমরা ভাড়া নিয়েছি।’ আমরুলবাড়ী গ্রামের কৃষক আবু মোতালেব হোসেন বলেন, ‘শুনছি শহরোত কেষকের মাল রাখার জন্য সরকার ঘর বানেয়া দেছে। কিন্তুক দেকি নাই।’ রামনাথপুরের কৃষক সুধীর চন্দ্র রায়, বিমলেন্দু সরকার, আরিফুল ইসলামসহ অনেকে এ মার্কেট সম্পর্কে কিছুই জানেন না। উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘কৃষক বাজারের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন জেলা বিপণন কর্মকর্তা। ভাড়া দেওয়ার কর্তৃত্বও তাঁর। আমাদের করার কিছু নেই।’ রংপুর জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের বিপণন কর্মকর্তা শামিমুল হক বলেন, ‘আমি সম্প্রতি এসে এ জেলায় দায়িত্ব নিয়েছি। ওই চাষি বাজারের বরাদ্দ নীতিমালা অনুযায়ী দেওয়া হয়েছে কি না, তা আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’