রংপুরের বদরগঞ্জ উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নয়টি বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৬ মার্চ উপজেলা পরিষদে ওই পরীক্ষা নেওয়া হয়।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, ঘুষ চাওয়ার অভিযোগে উপজেলার আমরুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়-২, ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ারেছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধুপুর বুড়াদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ কমিটির বিরুদ্ধে ১৩ মার্চ ইউএনওর কার্যালয়ে কয়েকজন প্রার্থী লিখিত অভিযোগ দেন। এ ছাড়া রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝাড়খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ কমিটির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় প্রার্থীরা পরীক্ষা বর্জন করেন। একই কারণে কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিরা পরীক্ষা গ্রহণে অস্বীকৃতি জানান।
জানা গেছে, ওই নিয়োগ পরীক্ষা গ্রহণে বিধি অনুযায়ী তিন সদস্যের নিয়োগ কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিকে নিয়োগ কমিটির সভাপতি, প্রধান শিক্ষককে সদস্যসচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার একজনকে প্রতিনিধি করে নিয়োগ কমিটির সদস্য করা হয়। নাম প্রকাশ না করার শর্তে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকেরা অভিযোগ করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সম্পাদক ওয়াহেদুজ্জামান ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে সবকিছু ম্যানেজ করেছেন। এরপর তাঁরা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে লোক নিয়োগ দিতে নিয়োগ কমিটির সদস্যদের সহায়তায় অন্তত কোটি টাকা ঘুষ নেন। পরে নিয়োগ কমিটির সদস্য, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা শিক্ষক সমিতির ওই দুই নেতা ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা নিজেদের মধ্যে তা ভাগাভাগি করে নেন।
ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমরা কোনো প্রার্থীর কাছ থেকে টাকা গ্রহণ করিনি। বরং প্রার্থীরা চাকরির জন্য বেজায়গায় টাকা দিয়ে যাতে প্রতারিত না হন সেই পরামর্শই দিয়েছি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াছমিন আখতার বলেন, ‘এটা তো বড় কেলেঙ্কারির কথা। আমরা টাকা নেব কেন?’
রংপুর-২ আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী বলেন, ‘শিক্ষকনেতা হাবিবুর রহমান চাকরি দেওয়ার নামে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে টাকা তুলেছেন মর্মে অভিযোগ পেয়ে তাঁকে সতর্ক করে দিয়েছি।’
হাবিবুর রহমান বলেন, ‘আমি নিয়োগ কমিটির কেউ না। কাজেই আমার টাকা নেওয়ার প্রশ্নই আসে না।’