বদরগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১১
রংপুরের বদরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামে গত বুধবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আফজাল হোসেন (৬১) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ১১ জন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে ওই গ্রামের একটি ফাঁকা জায়গায় ক্রিকেট খেলার আয়োজন করে এলাকার তরুণেরা। তারা দুই ভাগে ভাগ হয়ে খেলা শুরু করে। এক দলের নেতৃত্ব দেয় ছাদেকুল ইসলাম (১৫) এবং অপর দলের মেজবাহ হোসেন (১৮)। খেলার সময় একটি বাউন্ডারির (চার) সিদ্ধান্তকে নিয়ে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর তাৎক্ষণিকভাবে তা মীমাংসা হয়।ছাদেকুল ইসলাম অভিযোগ করে, খেলা শেষ করে যে যার মতো বাড়িতে ফিরে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ঘটনার জের ধরে এলাকার মোহাম্মদ আলী, আলতাফ হোসেন, আরিফ হোসেনসহ ১৫-২০ জন লোক লাঠিসোঁটা নিয়ে তার বাড়ির সামনে তার ওপর ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলে আফজাল হোসেন নিহত হন। সংঘর্ষে গুরুতর আহত হাবিবুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোহাম্মদ আলী, সাজিদুল ইসলাম ও নূর আলমকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছাদেকুল ইসলাম জানায়, আফজাল হোসেন তার বাবা। তার অভিযোগ, সংঘর্ষের সময় হাবিবুর রহমান নামের এক ব্যক্তি তার বাবার অণ্ডকোষ চেপে ধরলে সেখানেই তিনি লুটিয়ে পড়েন। এরপর বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।তবে আহত মোহাম্মদ হোসেন বলেন, আফজাল হূদেরাগী ছিলেন। সংঘর্ষের ঘটনা দেখে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অণ্ডকোষ চেপে তাঁকে হত্যা করার অভিযোগ ঠিক নয়। অভিযুক্ত হাবিবুর রহমান গুরুতর আহত হওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। এ ঘটনায় আফজালের ছেলে আরফাজুল বাদী হয়ে বুধবার রাতে ১৭ জনের নামে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন থানার উপপরিদর্শক (এসআই) জগলুল হক। তিনি প্রথম আলোকে জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে অণ্ডকোষ ফোলা ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত সহকারী সার্জন হেমন্ত রায় বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আফজাল হোসেন মারা গেছেন।’