রংপুরের বদরগঞ্জে চিকিৎসকের অবহেলায় আড়াই লাখ টাকা দামের একটি গাভির মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরেও মামলা রেকর্ড না করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করে উপজেলা দুগ্ধ খামারি সমিতি।
মানববন্ধনে উপজেলার শতাধিক খামারি অংশ নেন। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন খামারি গোলাম কিবরিয়া, মাজেদ আলী, আতাউর রহমান, ক্ষতিগ্রস্ত খামারি কবির হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ১৬ জুলাই উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর জলুবার গ্রামে কবির হোসেনের খামারে একটি গাভি বাছুর প্রসবকালে প্রচণ্ড বেদনায় ছটফট করলে সাড়ে আট হাজার টাকা নিয়ে পরামর্শ ও চিকিৎসা দেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি চিকিৎসক শাখাওয়াত হোসেন। গত বৃহস্পতিবার গাভিটির অবস্থার অবনতি হলে ওই চিকিৎসককে খবর দেওয়া হয়। কিন্তু তিনি সেখানে না গিয়ে হাতুড়ে পশু চিকিৎসক ফেরদৌস আলীকে খামারে পাঠান। এতে ভুল চিকিৎসায় গাভিটি ওই দিন বিকেলে মারা যায়। এ ঘটনায় ভেটেরিনারি সার্জন শাখাওয়াত হোসেন ও ফেরদৌস আলীকে অভিযুক্ত করে পরদিন শুক্রবার বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন কবির হোসেন। কিন্তু আজ পর্যন্ত তা মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
এ ব্যাপারে ভেটেরিনারি সার্জন শাখাওয়াত হোসেন বলেন, ‘আমি ওই খামারির কাছ থেকে টাকা নিইনি। গরুকে সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। সফল হতে না পেরে ওই খামারিকে দিয়ে এমন মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করানো হয়েছে।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, অভিযোগটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।