
রংপুরের বদরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পৌর এলাকার ওয়ারেছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে বই মজুত করে রাখায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করাতে হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে উপজেলার ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০১৫ সালের নতুন পাঠ্যবই শিক্ষা কার্যালয়ে এসে পৌঁছে। এগুলো রাখার জায়গা নেই। আগামী নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার আগ পর্যন্ত বইগুলো ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মজুত থাকবে।
গত ২৮ অক্টোবর বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করানো হচ্ছে। এ সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি শাহা বলে, ‘আর কয়দিন পর আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এভাবে পড়াত মন বসে না।’ একই শ্রেণির শিক্ষার্থী সুজাদা রায় বলে, ‘গত সোমবার দুপুরে হঠাৎ বৃষ্টি আসে। তাতে আমাদের অনেকে বই-খাতা ভিজে যায়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস সুলতানা বলেন, ‘বিদ্যালয়ে শ্রেণিকক্ষের এমনিতে সংকট। চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদানের কক্ষ দুটিতে বই মজুত না রাখার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অনেক অনুরোধ করেছিলাম। তিনি তা শোনেননি। বাধ্য হয়ে ওই দুই শ্রেণির ১৩০ জন শিক্ষার্থীকে রোদের মধ্যে পাঠদান করানো হচ্ছে। আর কয়েক দিন পরেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। কিন্তু শিক্ষার্থীরা রোদে ক্লাসে মনোযোগী হচ্ছে না।’
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, পাঠ্যবই রাখার কোনো গুদাম নেই। এ কারণে ওই বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে তা রাখা হয়েছে। এতে শিক্ষার্থীদের সমস্যা হলে করার কিছু নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে পাশের হাইস্কুলের কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি কেন তা করছেন না, তা খোঁজ নিয়ে দেখা হবে।