বদরগঞ্জে গলা কেটে নারীকে হত্যা
রংপুরের বদরগঞ্জের উত্তর বাওচণ্ডী সরকারপাড়া গ্রামের রাজিয়া বেগম (৩৫) নামের এক নারীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছেন। গত রোববার রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ওই নারীকে খুন করা হয়। তিনি গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে৷
বদরগঞ্জ থানার পুলিশ গতকাল সোমবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মামুন-অর-রশিদ বলেন, দুর্বৃত্তরা দালান ঘরের পেছনের বন্ধ রাখা জানালার ইট খুলে ভেতরে প্রবেশ করে৷ এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে রাজিয়া বেগমকে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় নিহত নারীর বড় ভাই আকতারুল ইসলাম বাদী হয়ে গতকাল বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দক্ষিণ বাওচণ্ডী ডাঙ্গাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের সঙ্গে ১৫ বছর আগে রাজিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে রাজিয়া বেগম বাবার বাড়িতে থাকতেন। তাঁর স্বামী জাহিদুল ইসলাম আনসার বাহিনীর সদস্য। তাঁর কর্মস্থল যশোর৷ তাঁদের আরাফাত (৬) নামের একটি ছেলে রয়েছে। রোববার রাজিয়া বেগম রাতের খাবার শেষে ঘরে একা ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের খাটের ওপরে তাঁর গলাকাটা লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
রাজিয়ার ছোট ভাই সুমন মিয়া (১৯) বলেন, ‘রোববার সকালে দুলাভাই (জাহিদুল ইসলাম) ফোন করে আমার আরেক বোনের বাড়িতে আমাকে আম নিয়ে যেতে বলেন । এ সময় তিনি বাড়িতে থাকা এক ছোট বোন এবং ভাগিনা আরাফাতকেও সঙ্গে নিয়ে যেতে বলেন। দুলাভাইয়ের কথামতো বড় আপুকে (রাজিয়া বেগম) বাড়িতে একা রেখে আমরা সবাই রোববার বিকেলে পার্বতীপুরের খোলাহাটি গ্রামে আরেক বোনের বাড়ি বেড়াতে যাই।’
সুমন অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডে তাঁর ভগ্নিপতি জাহিদুল ইসলাম জড়িত থাকতে পারেন। বিভিন্ন কারণে বোনের সঙ্গে ভগ্নিপতির সম্পর্ক ভালো ছিল না বলেও জানান তিনি।
গতকাল বিকেল পর্যন্ত জাহিদুল ইসলাম চাকরিস্থল যশোর থেকে গ্রামে পৌঁছাননি। মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি।