বদরগঞ্জে গৃহবধূকে কেরোসিনে পুড়িয়ে হত্যার চেষ্টা
‘ও (স্বামী) খালি কইতো, তোর মাও তো বিয়াত টাকা দেয় নাই। টাকা আনিস। টাকা নাই আনো দেকি বুধবার রাইতোত যা-তা করি গাইলেইছে। শুতি আছু, অয় মোর গাওত ত্যাল ঢালি দেছে। এরপর শলাই ঠুকি যেই গাওত দেছে, অমনি ধপ করি আগুন জ্বলি উঠছে। মুই পৌকোরের পানিত ঝাপ দিচু। তারপর কি হইচে তাক কবার পাও না।’এটুকু বলার পর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে রংপুরের বদরগঞ্জ উপজেলার দক্ষিণ বাওচণ্ডি গ্রামের গৃহবধূ সীমা বেগমের (২৩)। গত বুধবার রাতে স্বামী দেলোয়ার হোসেন গায়ে আগুন ধরিয়ে দিলে তাঁর বুক, পিঠ, মুখ ও পেটসহ শরীরের ৮০ ভাগই ঝলসে গেছে। গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।এ ঘটনায় বদরগঞ্জ থানায় গতকাল বৃহস্পতিবার মামলা করেছেন সীমার মামা আবদুস সালাম। মামলা সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার গোপালপুর বাবুপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর মেয়ে সীমা বেগমের সঙ্গে দক্ষিণ বাওচণ্ডি গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে দেলোয়ার হোসেনের বিয়ে হয় বছর দুয়েক আগে। তাঁদের ছয় মাস বয়সী একটি মেয়ে আছে। ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে দেলোয়ার বেশ কিছুদিন ধরে সীমার ওপর নির্যাতন করে আসছেন। বুধবার রাত ১০টার দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দেলোয়ার স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। দেলোয়ারের মা দুলালী বেগম তখন ওই ঘরে ছিলেন। মুহূর্তে আগুন গোটা শরীরে ছড়িয়ে পড়লে সীমা বাড়ির পুকুরে ঝাঁপিয়ে পড়েন। তাঁর চিত্কারে প্রতিবেশীরা ছুটে এসে পুকুর থেকে নিস্তেজ অবস্থায় তাঁকে উদ্ধার করে।সীমার ভগ্নিপতি আজাদ আলী জানান, ‘খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে গিয়ে দেখি সীমাকে অচেতন অবস্থায় বাড়ির আঙিনায় শুইয়ে রাখা হয়েছে। আমরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।’সীমার খালু জাহেদুল হক বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত সীমা কথা বলতে পারলেও এরপর থেকে আর কথা বলতে পারছে না।’রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক নেওয়াজ আলীর উদ্ধৃতি দিয়ে বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, সীমার অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৮০ ভাগ আগুনে ঝলসে গেছে।এ ব্যাপারে গতকাল দুপুরে দেলোয়ারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানায়, ঘটনার পর থেকে দেলোয়ার ও তাঁর মা গা-ঢাকা দিয়েছেন।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, মামলায় সীমার স্বামী ও শাশুড়িসহ ছয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।