বদরগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত সোমবার সনজোলি সরেন (৫০) নামের এক আদিবাসী গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার বিকেলে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের আদিবাসীপল্লির সনিরাম মুরমু স্ত্রী সনজোলিকে বাড়িতে রেখে ছেলে ফিলিপ মুরমুকে নিয়ে পাশের গ্রামে দাওয়াত খেতে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান। লোহানীপাড়া আদিবাসী পারগানা সম্প্রদায়ের সভাপতি জয়রাম সরেন বলেন, ‘এ ঘটনায় আদিবাসীপল্লিতে আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে সাবিনা বাসকি নামের এক তরুণীকে হত্যা করে দুর্বৃত্তরা।’ বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, সনজোলিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যার কোনো কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।