বদরগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের ঢুকঢুকিরহাট গ্রামে গতকাল শুক্রবার নিলা পারভীন (২৪) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিলার বাবা মেহেরাব আলী গতকাল পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
গতকাল সকালে ঢুকঢুকিরহাট গ্রামে নিলার বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর (নিলা) লাশ রশিতে শয়ন ঘরে ঝুলছে। এ সময় তাঁর দুই পা মাটিতে লেগেছিল।
ওই গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, নিলার স্বামী বুলু মিয়া (৩০) গতকাল ভোরে তাঁকে মারধর করে হত্যার পর লাশ ঝুলিয়ে এলাকায় আত্মহত্যার প্রচারণা চালান। গ্রামের লোকজন এ নিয়ে সন্দেহ করলে বুলু, তাঁর বাবা আবদুস সামাদ, মা বুল্লি বেগম ও চার বছরের মেয়ে বিথী খাতুনকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান।
নিলার পরিবার সূত্রে জানা গেছে, বুলুর সঙ্গে ছয় বছর আগে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঘৃনই মাস্টারপাড়া গ্রামের মেহেরাবের মেয়ে নিলার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাঁদের একটি মেয়ে হয়। বুলু রংপুরের শ্যামপুর সুগার মিলের একজন কর্মচারী।
নিলার মা বেলা বেগম বলেন, ‘জামাই বুলু নেশা করতেন ও জুয়া খেলতেন। এ কারণে প্রায় প্রতিদিন আমার মেয়েকে মারধর করতেন বুলু। জামাই ও তাঁর মা আট মাস আগে আমার মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এরপর আমি আমার মেয়েকে দীর্ঘ পাঁচ মাস বাড়িতে এনে রেখেছিলাম। পরে গ্রাম্য সালিস বৈঠকের পর মেয়েকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিই। এরপরও জামাই ও তাঁর মা-বাবা আমার মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। মেয়েকে বাড়ি থেকে বের হতে দিতেন না। তাঁরা পিটিয়ে আমার মেয়েকে হত্যা করে লাশ ছাদের বাঁশের সঙ্গে রশিতে ঝুলিয়ে রেখে বাড়ি ছেড়ে সবাই পালিয়ে গেছেন। আমি হত্যাকারীদের শাস্তি চাই।’ তবে থানায় দায়ের করা হত্যা মামলার এজাহার সূত্রে জানা গেছে, যৌতুকের দাবিতে নিলাকে তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি মারধর করতেন। বিয়ের সময় যৌতুক হিসেবে দেড় লাখ টাকা দামের জমি চাষের একটি পাওয়ার টিলারসহ অন্য আসবাব দেওয়া হয়। মাস তিনেক আগে আরও দেড় লাখ টাকা যৌতুক আনার দাবিতে তাঁরা নিলাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন। নিলাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বুলুর বাড়ির লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।