বদরগঞ্জে গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশায় বদরগঞ্জ শহরে ফেরার পথে পাঁচ দুর্বৃত্ত তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যান। পরে সেখানে একটি বাগানে অন্তত চার ঘণ্টা আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়।এ ঘটনায় বদরগঞ্জ থানায় গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের এক কর্মীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুই আসামি অটোরিকশাচালক শাহজাহান আলী (৩০) ও হুমায়ুন কবীরকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর এক ছেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শহরে থেকে কলেজে পড়াশোনা করেন। ছেলেকে কম্পিউটার কিনে দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার তিনি আক্কেলপুর শহরে যান। কিন্তু ছেলে কম্পিউটার কিনতে না চাইলে তিনি বদরগঞ্জ সদরের নিজ বাসায় ফিরছিলেন। পার্বতীপুর পৌঁছাতে রাত আটটা বেজে যায়। সেখান থেকে তিনি একটি অটোরিকশা নেন। পথে চালক শাহজাহান আরও পাঁচ যুবককে অটোরিকশায় তুলে নেন। একপর্যায়ে ট্যাক্সেরহাট-বদরগঞ্জ সড়কের মিরাপাড়া গ্রামের কাছে ফাঁকা স্থানে অটোরিকশাটি থামানো হয়। এ সময় ওই যুবকেরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে নির্জন স্থানে একটি গাছবাগানে নিয়ে রাত সাড়ে ১১টা থেকে দুইটা পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করেন। পরে তাঁর কাছে থাকা ২৫ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। ওই নারীকে ওই বাগানেই ফেলে রেখে চলে আসেন তাঁরা। গতকাল দুপুরে বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট এলাকায় হুমায়ুনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। হামিদুল ও শাহজাহানকে গতকাল সকালে থানায় সাংবাদিকদের মুখোমুখি করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে হামিদুল বলেন, অটোরিকশাচালক মুঠোফোনে হুমায়ুনকে ওই নারীর খবর দেন। পরে হুমায়ুন অন্য চারজনকে বিষয়টি জানান। অভিযোগ অস্বীকার করে অটোরিকশাচালক শাহজাহান বলেন, হুমায়ুনসহ ওই পাঁচ যুবক ট্যাক্সেরহাট এলাকায় যাত্রীবেশে তাঁর অটোরিকশায় ওঠেন। পরে মিরাপাড়া গ্রামের কাছে গাড়ি থামিয়ে ওই নারীকে জোর করে নামিয়ে নেন।বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুক হোসেন জানান, হুমায়ুন উপজেলার রামনাথপুর ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সভাপতি প্রার্থী। গত ৯ জুন ওই কমিটি গঠনের কথা থাকলেও সভাপতি পদে হুমায়ুন কবীরসহ দুজন প্রার্থী থাকায় তা এখনো ঘোষণা করা হয়নি।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) পৃথ্বীশ কুমার সরকার প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে ধর্ষণের শিকার হওয়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় বদরগঞ্জের রামনাথপুরের ট্যাক্সেরহাট এলাকার হুমায়ুন কবীর, মুসা, পলিন, হামিদুল হক, মাহমুদুল ও অটোরিকশার চালক শাহজাহান আলীকে আসামি করা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।