বদরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর বৃত্তিপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার বিলকিছ বেগম (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর স্বামীর অভিযোগ, কয়েকজন প্রতিবেশী তাঁর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চিত্কারের শব্দ শুনে গত শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত কুয়া থেকে বিলকিছ বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা। বিলকিসের স্বামী খুদে মাছ ব্যবসায়ী আয়োয়ারুল হক তখন পার্শ্ববর্তী লালদিঘী হাটে ছিলেন। খবর পেয়ে তিনি বাড়ি আসেন।আনোয়ারুল হকের ভাষ্যমতে, বাড়ি আসার পর স্ত্রী তাঁকে জানান, প্রতিবেশী আমিনুল ইসলাম ও তাঁর ভগ্নিপতি বোরহান উদ্দিনসহ চারজন তাঁকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের পর ওই কুয়ার মধ্যে ফেলে দেন। এরপর তিনি স্ত্রীর চিকিত্সার ব্যবস্থা করে আবার হাটে যান। কিন্তু মধ্যরাতে বাড়ি ফিরে দেখেন, স্ত্রী ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় সাড়ে তিন শ গজ দূরে পরিত্যক্ত ঘরের মধ্যে স্ত্রীর লাশ ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।খবর পেয়ে রংপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) সেলিম খাঁন ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ওসি কৃষ্ণ কুমার বলেন, ‘লাশ রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। শরীরে আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ওসি আরও জানান, এ ঘটনায় আমিনুল ইসলাম ও বোরহানউদ্দিন এবং অজ্ঞাত আরও দুজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন নিহত বিলকিছের মা হালিমা বেগম। আমিনুল ও বোরহানউদ্দিন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।আনোয়ারুল হক জানান, কিছুদিন আগে প্রতিবেশী আমিনুল বিলকিছকে মারধর করেন। এ জন্য বিলকিছ বদরগঞ্জ থানায় মামলা করেছিলেন। আমিনুল শুক্রবার বিকেলে জনসমুখে বিলকিছকে হত্যার হুমকি দেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর জানান, বিলকিছ শুক্রবার সন্ধ্যায় তাঁর কাছে অভিযোগ করেছিলেন, ‘আমিনুল তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছেন।’