বদরগঞ্জে গড়ের মাটি ইটভাটায় বিক্রি
রংপুরের বদরগঞ্জে ঐতিহাসিক ভীমের গড়ের মাটি অবৈধভাবে স্থানীয় একটি ইটভাটায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইটভাটার মালিক শ্রমিক নিয়োগ করে ওই গড় থেকে মাটি কেটে নিয়ে গেছেন। ওই গড় রক্ষার দাবিতে এলাকাবাসী মঙ্গলবার বিকেলে মানববন্ধন করেছেন।সরেজমিনে জানা যায়, বদরগঞ্জ উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কুতুবপুর ইউনিয়নের নাটারাম এলাকায় ভীমের গড়ের একাংশ অবস্থিত। নাটারাম এলাকায় যে স্থানে গড়ের অবস্থান, সে স্থানটি তুলনামূলকভাবে উঁচু। আশপাশের এলাকা অপেক্ষাকৃত নিচু। এ নিচু এলাকায় কবর খুঁড়লেই বর্ষাকালে পানি ওঠে। এ কারণে ওই সময় নাটারাম পশ্চিমপাড়া, দক্ষিণ বাউচন্ডি নয়াপাড়া ও বটতলা গ্রামসহ কয়েক গ্রামের মানুষের মৃতদেহ অপেক্ষাকৃত উঁচু ওই গড়ে কবর দেওয়া হয়।নাটারাম গ্রামের নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘আমার পিতা আবদুল মান্নান ১৯৮৮ সালে ভয়াবহ বন্যার সময় মারা গেলে বাধ্য হয়ে উঁচু ওই গড়ে কবর দিই। গড়টি সরকারি সম্পত্তি। এ রকম হাজারো মানুষের কবর আছে গড়ের মধ্যে। অথচ সেখান থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।’রংপুর জাদুঘরের কিউরেটর আবদুল লতিফ প্রামাণিক জানান, এক হাজার বছর আগে তত্কালীন শাসকেরা প্রজাদের কল্যাণের জন্য এই গড় নির্মাণ করেছেন।‘রংপুর জেলার ইতিহাস’ ও ‘বদরগঞ্জ উপজেলার ইতিহাস’ নামের দুটি বইয়ে উল্লেখ করা হয়েছে, ওই সময় ভীম পাল রাজা পুন্ড্রবর্ধন নগর শাসন করেন। তাঁর নামানুসারে এই গড়ের নামকরণ করা হয় ভীমের গড়।কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য রশিদুল ইসলাম জানান, ১৯৬৫ সালে এলাকার মশর উদ্দিন নামের এক ব্যক্তি ভীমের গড়ের ১০ একর জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছিলেন। তাঁর ছেলে মোক্তার আলম ওই গড়ের প্রায় ৪৪ শতক জমি গত জুলাই মাসে নাটারামের বাসিন্দা এমদাদুল ইসলামের কাছে বিক্রি করে দেন। এমদাদুল ইসলাম ২০-২৫ দিন আগে স্থানীয় একটি ইটভাটার মালিকের কাছে প্রায় এক লাখ টাকায় গড়ের ওই মাটি বিক্রি করেন।মাটি বিক্রেতা ইমদাদুল হক বলেন, ‘স্থানীয় একটি ইটভাটার মালিকের কাছে গড়ের মাটি বিক্রি করে দিয়েছি। তবে মাটি কাটতে গিয়ে কবর বের হওয়ার পর এলাকাবাসীর অনুরোধে মাটি কাটা আপাতত বন্ধ রেখেছি।’কুতুবপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, ‘আমিও শুনেছি গড়টি সরকারি সম্পত্তি। আমার কাছে এলাকার ইউপি সদস্য গড়ের মাটি ইটভাটায় কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।’বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘কাগজপত্র ঘেঁটে দেখতে হবে ওই গড় সরকারি কি না। যদি সরকারি হয়ে থাকে, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’