বদরগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।
বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। সংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হন। এ সময় বক্তৃতা করেন ছাত্রলীগের রংপুর জেলা ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস সরদার, ফারুক হোসেন প্রমুখ।
গতকাল বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। এ সম্মেলনকে ঘিরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ কর্মী সোহায়েত হোসেনকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় সোহায়েত হোসেনের বাবা আনারুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সংগঠনের নেতা রেজাউল করিম, আবদুল কুদ্দুস সরদার, ফারুক হোসেনসহ ১৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।