বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বিদ্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে নবঘোষিত মধুপুর মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন দিন ধরে তালা ঝুলছে। এ অবস্থায় বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে ক্লাস করছে। প্রধান শিক্ষক মোসলেমা বেগম জানান, ২০০২ সালে ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের নামে ৩৩ শতক জমি লিখে দেন এলাকার শহিদুল ইসলাম। এখন শহিদুলের বাবা আব্দুস সালাম ওই জমির মালিকানা দাবি করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াজেদ আলীর যোগসাজশে সোমবার সকালে কক্ষগুলোতে তালা লাগান। এরপর থেকে বাইরে খোলা আকাশের নিচে মাটিতে বসিয়ে শিক্ষার্থীদের ক্লাস করাচ্ছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াজেদ আলী বলেন, ‘আমি তালা ঝুলাইনি। শহিদুলের বাবা আব্দুস সালাম স্কুলে তালা ঝুলিয়েছেন। এখানে আমার কিছু করার নেই।’ শহিদুল ইসলাম বলেন, ‘পৈতৃক সূত্রে আমিই ওই জমির প্রকৃত মালিক।’আব্দুস সালাম বলেন, ‘আমি ছেলের নামে ওই জমি লিখে দিইনি। হয় টাকা দিতে হবে, নয়তো জমি ছেড়ে দিতে হবে।’বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াসমিন আকতার বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে তালা খুলে দিতে বলা হয়েছে। এর পরও তালা খুলে দেওয়া না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, তালা খুলে না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।