বদরগঞ্জে জেলে অপহূত আট লাখ টাকা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিল ইজারা নিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে রংপুরের বদরগঞ্জের দুই জেলেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। দুই দিন পর কৌশলে একজন ফিরে এলেও অন্যজনকে আটকে রেখে স্বজনের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অন্যথায় ওই জেলেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার শংকরপুর বরাইবাড়ি গ্রামের জেলে শুকারু চন্দ্র দাস ও জামুবাড়ি উন্তাপাড়া গ্রামের আমিনুল হক ওরফে ভুট্টু (৩৯) উন্তা বিল ইজারা নিয়ে মাছ চাষ করতেন। গত ৩০ মার্চ বিলের ইজারার মেয়াদ উত্তীর্ণ হয়। এর আগে গত ১১ মার্চ দুপুরে এক ব্যক্তি ভুট্টুর বাড়িতে গিয়ে নিজেকে আবদুল আজিজ পরিচয় দিয়ে বিলটি নতুন করে ইজারা নিয়ে দেওয়ার আশ্বাস দেন। পরে তাঁকে রংপুরে এক লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ১৮ মার্চ আজিজ মুঠোফোনে তাঁকে বলেন, ব্যাংক বন্ধ থাকায় তিনি টাকা তুলতে পারছেন না। জরুরি কাজে এক লাখ টাকা দরকার। সরল বিশ্বাসে ভুট্টু ধার করে ৭৭ হাজার টাকা ওই লোকের হাতে তুলে দেন।ভুট্টু জানান, ২৮ মার্চ প্রতারক আবদুল আজিজ মুঠোফোনে তাঁকে কাগজপত্র নিয়ে বগুড়ায় যেতে বলেন। শুকারুকে নিয়ে তিনি সেখানে গেলে তাঁদের ঢাকায় যেতে বলা হয়। কথামতো তাঁরা ঢাকার উদ্দেশে নগরবাড়ী ঘাটে পৌঁছান। সন্ধ্যায় তাঁদের একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠিয়ে মারধর করে জিম্মি করা হয়। ৩০ মার্চ রাতে কৌশলে তিনি সেখান থেকে পালিয়ে কুষ্টিয়ার কুমারখালী হয়ে বাড়িতে ফিরে আসেন। তবে অপর মৎস্যচাষি শুকারু চন্দ্র দাস এখনো মুক্তি পাননি। শুকারুর ভাই বিপুল চন্দ্র দাস অভিযোগ করেন, তাঁর ভাইকে ছেড়ে দিতে প্রথমে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ ও পরে ১০ লাখ এবং গত শনিবার শেষবারের মতো মুঠোফোনে যোগাযোগ করে মঙ্গলবারের মধ্যে আট লাখ টাকা চায় দুর্বৃত্তরা। অন্যথায় তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। বিপুল চন্দ্র দাস অভিযোগ করেন, মামলা দেওয়া হলেও পুলিশ শুকারুকে উদ্ধারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। মামলার তদন্ত কর্মকর্তা বদরগঞ্জ থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, শুকারুকে উদ্ধারের পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, তাঁকে উদ্ধার করার পথ খোঁজা হচ্ছে।