বদরগঞ্জে ঝড়ে আড়াই হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টিতে আড়াই হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপজেলার ১৫টি গ্রামের সাড়ে নয় হাজার কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।কৃষকেরা জানান, খেতে বিআর-২৮ ও হাইব্রিড জাতের পাকা ও আধা পাকা বোরো ধান ছিল। অনেকে পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ৪ মে আকস্মিক ঝড় ও শিলার আঘাতে গাছ থেকে ধান মাটিতে ঝরে পড়ে নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ওই দিন উপজেলার মধুপুর ইউনিয়নের দোলাপাড়া, মটখোলা, কালজানি, নাওপাড়া, ধনতোলা, বগুড়াপাড়া, মাস্টারপাড়া, রাজারামপুর, পাইটকারপাড়া, পুকুরপাড়াসহ আশপাশের ১৫টি গ্রামের নয় হাজার ৪৫০ জন কৃষকের এক হাজার ৭০০ হেক্টরের বোরো ধান, ৩৫০ হেক্টরের পাট, ১৪৫ হেক্টরের ভুট্টা, ১৫০ হেক্টরের শাকসবজি ও ১০০ হেক্টরের অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা ও ক্ষতির হিসাব আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। বরাদ্দ পেলে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘ক্ষতিগ্রস্ত ওই গ্রামগুলো ঘুরে দেখেছি। প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ায় ভুক্তভোগী কৃষকেরা অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন।’