বদরগঞ্জে ঠান্ডায় কাঁপছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় তিন দিন ধরে ঠিকমতো সূর্যের মুখ দেখা যাচ্ছে না। কুয়াশা আর হিমেল বাতাসে গরম কাপড়ের অভাবে ঠান্ডায় কাঁপছে উপজেলার দুস্থ ও হতদরিদ্র মানুষ। তারা আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে। উপজেলায় সরকারিভাবে এ পর্যন্ত ৮০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।         

এলাকার অনেকে জানান, গতকাল বুধবার দিনভর সূর্যের মুখ দেখা যায়নি। উপজেলার চিকলী নদীর পাড়ে জেলেপাড়া গ্রাম। ওই গ্রামে সকাল নয়টার দিকে গিয়ে দেখা যায়, দরিদ্র মানুষ অনেক স্থানে আগুন জ্বালিয়ে নিজেদের শীত থেকে রক্ষা করার চেষ্টা করছে। গরম কাপড়ের অভাবে ওই গ্রামে অন্তত আড়াই হাজার মানুষ কষ্টে আছে। এ সময় জোহরা বেগম বলেন, ‘নদীর বাতাস খালি হড়হড় করি আসি ঘরোত ঢোকে। গাওত দিবার একটা মোটা কাপড়ও নাই বাবা।’

একই গ্রামের মনজিলা বেগম (৫৫) বলেন, ‘রাইতোত কয়দিন থাকি ঘরোত বরপের মোতন ঠান্ডা পানি পড়োচে। ঠান্ডাত হাত-পাও কোঁকড়া নাগে।’ উপজেলার রাধানগর পাঠানপাড়া গ্রামের নজিরন বেওয়া (৬৫) কাঁপতে কাঁপতে বলেন, ‘মরণের ঠান্ডা শুরু হইচে। কয়দিন থাকি রইদো নাই। এ্যাংকা কয়দিন থাকপে?’ আমরুলবাড়ী গ্রামের মালেকা বেওয়া (৫০) বলেন, ‘হামার গরিবের গরমে ভালো। পাতলা ছিঁড়া কাপড় গাওত দিয়া থাকা যায়। ঠান্ডাত মোটা কাপড় নাই। ছইল-পইল নিয়া কষ্টো করি কাটাওচি। হামাক মিম্বার-চিয়ারম্যানরা দ্যাখে না।’

বৈরামপুর মাস্টারপাড়া গ্রামের মজুদা বেওয়া (৫৫) বলেন, ‘হাত-পাও টাটানি ঠান্ডা শুরু হইচে। সহ্য করায় যাওচে না। যতদিন যাওচে, ঠান্ডাও বাড়োচে।’

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ প্রথম আলোকে জানান, উপজেলায় এ পর্যন্ত সরকারিভাবে ৮০০ অসহায়-দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আরও কম্বল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে। শীতে অসহায় মানুষকে রক্ষায় সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও এগিয়ে আসা দরকার।