বদরগঞ্জে তিন দিন ধরে পেট্রল নেই
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন পেট্রলপাম্পে তিন দিন ধরে পেট্রল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার আমরুলবাড়ি গ্রামের বরকত আলী সরকার (৩৭) জানান, গতকাল শনিবার ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে তিনি বদরগঞ্জ থেকে ১৬ কিলোমিটার দূরে শ্যামপুর এলাকায় যান। সেখানে তাঁর মোটরসাইকেলের পেট্রল ফুরিয়ে যায়। পরে প্রায় তিন কিলোমিটার মোটরসাইকেল ঠেলে নিয়ে এক পাম্পে গিয়ে জানতে পারেন, পেট্রল নেই। এরপর মোটরসাইকেলটি ভটভটিতে করে নিয়ে তিনি যান বদরগঞ্জ উপজেলা সদরের শাহ্ ফিলিং স্টেশনে। সেখানেও পেট্রল নেই। বাধ্য হয়ে তিনি মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে রাখেন। জানা গেছে, তিন দিন ধরে উপজেলায় পাম্পে পেট্রল না থাকায় অনেক পথচারী এমন দুর্ভোগে পড়েছেন। উপজেলার লালদীঘিহাটে একাধিক মুদি দোকানে গিয়ে পেট্রল পাওয়া যায়। একটি দোকানের মালিক মজিবর রহমান বলেন, ‘কয়েক দিন ধরে পাম্পে পেট্রল নেই। বেশি দামে কিনেছি। তাই ৯৬ টাকায় প্রতি লিটার বিক্রি করছি।’বদরগঞ্জের শাহ্ ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বকুল শাহ্ বলেন, ‘সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর সাড়ে চার হাজার লিটার পেট্রল বরাদ্দ পাই। এরপর থেকে আর কোনো বরাদ্দ পাইনি। পাম্পে প্রতিদিন গড়ে চাহিদা প্রায় দেড় হাজার লিটার। পেট্রল বাঘাবাড়ি থেকে নিয়ে আসি। কয়েক দিন ধরে বাঘাবাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তা পাইনি। আমদানি বন্ধ থাকায় এ সংকট দেখা দিয়েছে।’