বদরগঞ্জে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসার তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন সহকারী শিক্ষক নূর আলম, শাহজাহান আলী ও এম এ মতিন সরকার। মাদ্রাসা ছেড়ে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিলে অংশগ্রহণ করায় গতকাল রোববার মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
মাদ্রাসা ও স্থানীয় সূত্র জানায়, ১১ ডিসেম্বর বেলা ১১টার দিকে বদরগঞ্জ পৌর শহরে হরতালের সমর্থনে জামায়াত-শিবির মিছিল করে। এতে যোগ দেন আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসার পাঁচ শিক্ষকসহ উপজেলার এমপিওভুক্ত আরও কয়েকটি মাদ্রাসার শিক্ষকেরা। মাদ্রাসা চলাকালে ওই মিছিলে যোগ দেওয়ায় আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার আবদুল আহাদ সরকার পাঁচ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন। দুজন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও আবু সায়েদ মিছিলে যোগদানের বিষয়ে ক্ষমা চেয়ে ভবিষ্যতে আর মিছিল করবেন না বলে লিখিত দিলে তাঁদের ক্ষমা করা হয়। তবে ওই তিন শিক্ষকের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।