বদরগঞ্জে দিনে বিশ্রাম রাতে প্রচারণা
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীরা দিনে বিশ্রাম নিয়ে রাত জেগে ভোটের প্রচারণা চালাচ্ছেন। উপজেলায় বোরোর ভরা মৌসুমে কিষান-কিষানি ও শ্রমিকেরা ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত থাকায় ভোটের ময়দানে প্রার্থীরা ওই কৌশল অবলম্বন করেছেন।
পঞ্চম দফায় ২৮ মে উপজেলার ১০ ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এতে চেয়ারম্যান পদে ৫৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৩ ও সাধারণ ইউপি সদস্য পদে ৩২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দামোদরপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান বলেন, ‘দিনে সবাই ব্যস্ত ধান কাটা-মাড়াইসহ অন্য পেশা নিয়ে। এ কারণে দিনে বাড়িতে গিয়ে ভোটারদের তেমন পাওয়া যায় না। সন্ধ্যার পর সবাই বাড়িতে ফেরেন। তাই ভোটের মূল প্রচারণা রাতেই চালাচ্ছি।’
রাধানগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াৎ হোসেন ও আবদুর রহমান বলেন, সন্ধ্যার পর কর্মব্যস্ত মানুষকে স্থানীয় হাটবাজারে ও বাড়িতে পাওয়া যায়। তাই দিনে কিছুটা বিশ্রাম নিয়ে নির্বাচনী পথসভা ও গ্রামে উঠান বৈঠক চলছে।
গোপালপুর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন বলেন, দিনে কর্মব্যস্ত মানুষ মনোযোগ সহকারে প্রার্থীদের কথা শুনতে চায় না। এ ক্ষেত্রে রাতের প্রচারণায় বেশি ফল পাওয়া যাচ্ছে।
কুতুবপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক আহম্মেদ বলেন, ‘দিনে বাড়িতে গিয়ে ভোটারদের পাওয়া যায় না। রাতে গেলে সবাইকে পাওয়া যায়। মধ্যরাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারণা চালানোর মজাই আলাদা।’
তবে অর্ধশতাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের গভীর রাতের প্রচারণায় অনেকে বিব্রতবোধ করছেন। কারণ, দিনে কর্মব্যস্ত মানুষ রাতে ঘুমান। এ সময় প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে নিদ্রামগ্ন ভোটারদের ডেকে তুলছেন।
রাতে প্রচারণার বিষয়ে শেখেরহাট গ্রামের ভোটার গৃহবধূ ইয়াছমিন বেগম (৪০) বলেন, ‘কোনটে থাকি যে মরার ভোট আইল, ওমার (প্রার্থীদের) তকনে রাইতোত ঘুমিয়াও শান্তি নাই। ওঁরা মইদ্দা রাইতোত (মধ্যরাতে) আসিয়াও দুয়ারোত ঠকঠকায়। না উটিয়াও পারি না।’