বদরগঞ্জে দিনের বেলায় বিদ্যুৎ থাকে না, ভোগান্তি
রংপুরের বদরগঞ্জের প্রায় ১৭ হাজার বিদ্যুৎ গ্রাহক দিনের পর দিন বিদ্যুৎ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। ব্যবসা-বাণিজ্য ও অফিসের কাজকর্মে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি-জেডিসিসহ এসএসসি পরীক্ষার্থীরাও দুর্ভোগে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘দিনে বিদ্যুৎ না থাকায় উপজেলার সব অফিসের কাজ বন্ধ হয়ে গেছে। এতে চরম অশান্তিতে আছি। ছয়-সাত মাস ধরে এভাবে দিনে গোটা উপজেলা বিদ্যুৎহীন থাকায় সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তবে স্থানীয় বিদ্যুৎ কর্মকর্তা বলছেন বিদ্যুৎ লাইনে সংস্কারকাজ চলছে। কিন্তু সব কিছুর তো একটা নিয়ম থাকা উচিত। দিনে নিয়মিত বিদ্যুৎ বন্ধ থাকায় স্থানীয় সব খাতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বন্ধ ও চালু রাখার ব্যাপারে বিদ্যুৎ বিভাগের ঘোষণার সঙ্গে বাস্তবতার মিল নেই। বিষয়টি নিয়ে জেলা প্রশাসককেও জানিয়েছি।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রায় প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে। দিনে বিদ্যুৎ থাকা না-থাকার ব্যাপারে স্থানীয় বিদ্যুৎ কর্মকর্তাও ঠিকমতো কিছু বলতে পারছেন না।
জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আঞ্চলিক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হাদিউজ্জামান মুঠোফোনে বলেন, ১০ মে থেকে তারাগঞ্জের হাড়িয়ারকুঠি-চেংমারী পর্যন্ত ১১ কিলোমিটারে আগের স্থাপিত বিদ্যুৎ লাইন জরাজীর্ণ হয়ে পড়ায় নতুন লাইন স্থাপনের কাজ চলছে। জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা) অর্থ দিচ্ছে। কাজ পেয়েছেন এনামুল হোসেন নামের একজন ঠিকাদার। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কাজ করার সময় আছে। তবে ঠিকাদার তড়িঘড়ি কাজ করায় বাধ্য হয়ে দিনে বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে। এক দিন পর এক দিন বিদ্যুৎ সরবরাহ থাকার কথা থাকলেও ঠিকাদারের কারণে তা সম্ভব হচ্ছে না। তবে ৩০ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ শেষ হলে সমস্যা কেটে যাবে।
ঠিকাদারের প্রতিনিধি মো. হানিফ মুঠোফোনে বলেন, ‘বর্তমানে মাঠঘাটে ধান কাটার কাজ চলছে। এ কারণে দিনে বিদ্যুৎ বন্ধ রেখে আমরা তড়িঘড়ি লাইন স্থাপনের কাজ করছি। ১০-১৫ দিনের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি।’
এ ব্যাপারে বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘দিনে বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য অনেকটা বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগ থেকে মাইকিং করে বলা হয়েছে, এক দিন পর এক দিন বিদ্যুৎ থাকবে। এখন দেখছি তিন দিন ধরে দিনে বিদ্যুৎ নেই। এতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।’