বদরগঞ্জে দুই মাসেও শুরু হয়নি ধান কেনা
দুই মাস পেরিয়ে গেলেও রংপুরের বদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়নি। সারা দেশে অবশ্য গত ১ মে থেকেই এ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ অবস্থায় বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করে দিচ্ছেন বদরগঞ্জের কৃষকেরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৯ মে উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির এক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সেখানে ২৭ মে থেকে ধান-চাল সংগ্রহের সিদ্ধান্ত হয়। এরপর উপজেলার ৪৮ চালকল মালিকের সঙ্গে চুক্তি করে গত ১ জুন থেকে খাদ্যগুদামে চাল কেনা শুরুর সিদ্ধান্ত হয়। কিন্তু গতকাল পর্যন্ত উপজেলায় এ কার্যক্রম শুরু হয়নি।
স্থানীয় খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা খাদ্যগুদামে এবার সরকারিভাবে ৩৭৪ মেট্রিক টন ধান ও ২ হাজার ৮৮৯ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত হয়। প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ২২ ও চাল ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত তা কেনা হবে। একজন কৃষক ৫০ কেজি থেকে তিন মেট্রিক টন ধান দিতে পারবেন।
কিন্তু কৃষকদের অভিযোগ, সরকারিভাবে ধান কেনা শুরু না করায় সস্তায় ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা। গত ২৮ জুন বদরগঞ্জহাট ঘুরে দেখা যায়, প্রতি মণ (২৮ কেজি) ধান ৩৪০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ মণপ্রতি ওই ধান উৎপাদনে কৃষকের খরচ পড়েছে ৪০০ টাকার ওপরে।
আমরুলবাড়ি গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘দুই মাস থাকি শোনোচি সরকার ২২ টাকা কেজি দামে গোডাউনোত (গুদামে) ধান কিনবে। হামরাও আশায় আচনো। কিন্তুক গোডাউনোত গেইলে কয় অ্যালাও কিনা শুরু হয় নাই। ধান ধরি থাকতে থাকতে বাইদ্য (বাধ্য) হয়া ৩৫ মণ ধান বাজারোত ৮ টাকা ৭৫ পয়সা কেজি দামে বেচেয়া আমনের বেচন কিনচি আর জমি চাষে নিচি।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক বলেন, ‘কৃষকের অভিযোগ সঠিক না। এখনো উপজেলা কৃষি কার্যালয় থেকে কৃষকদের নামের তালিকা পাইনি। তাই ধান কেনা শুরু করতে পারছি না।’
উপজেলা কৃষি কর্মকর্তা মাহ্বুবর রহমান বলেন, ‘গত ১০ জুন আট হাজার কৃষকের নামসহ তালিকা উপজেলা খাদ্য বিভাগে জমা দিয়েছি।’ তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘দেশের কোথাও নেই কৃষি বিভাগের কাছ থেকে তালিকা নিয়ে গুদামে ধান কিনতে হবে। কৃষকের ওই তালিকা তৈরি করতে আমার ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা খরচ হয়েছে।’
খাদ্যগুদাম কর্মকর্তা কে এম তরিকুল ইসলাম বলেন, ‘কৃষকদের তালিকা পেয়েছি। গুদামে জায়গা না থাকায় ধান কেনা সম্ভব হচ্ছে না।’
রংপুর জেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আবহাওয়া শুষ্ক হলেই বদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামে ধান কেনা শুরু করা হবে।’