বদরগঞ্জে দেড় বছর ধরে সেতুর কাজ বন্ধ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে চিকলী নদী। এই নদীর মোস্তফাপুর খেয়াঘাটে একটি সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন ইউনিয়নবাসী। অবশেষে ইউনিয়নবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই খেয়াঘাটে সেতু নির্মাণের কাজও শুরু হয় চার বছর আগে। কিন্তু দেড় বছর আগে কাজ থমকে গেছে তো গেছেই। এখন কবে ওই সেতুর কাজ শেষ হবে, তা নিয়ে স্থানীয় লোকজন চিন্তায় আছেন।

স্বাধীনতার পর থেকে ওই ইউনিয়নের মানুষের প্রাণের দাবি ছিল ওই খেয়াঘাটে সেতু নির্মাণের। পরে জাতীয় পার্টির সাবেক সাংসদ আনিছুল ইসলাম মণ্ডলের প্রচেষ্টায় ২০১২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বর্তমান সরকার ৮৩ মিটার দীর্ঘ বেইলি সেতু নির্মাণের জন্য ১ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৪৭৯ টাকা বরাদ্দ দেয়। কাজটি পান এ কে এম শামীম খান নামের এক ঠিকাদার। ২০১৩ সালের ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় বছর ধরে ওই নদীর ওপর সেতুর নির্মাণকাজ থেমে আছে।

রংপুর কারমাইকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রাফিজ হায়দারের বাড়ি বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে। তিনি বলেন, ‘নদীর ওপর সেতু না থাকায় মানুষের যে কষ্ট তা বলে বোঝানো যাবে না। এর আগে স্কুলে যাওয়ার জন্য ওই ঘাটের নৌকায় উঠে বই-খাতাসহ নদীতে তলিয়ে গিয়ে প্রাণে বেঁচে গেছি আমি। সেতু না থাকায় এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলা পরিষদের সঙ্গে সহজে যোগাযোগ রক্ষা করতে পারি না আমরা। অসুখ-বিসুখে এলাকার মানুষকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানোটাও অসম্ভব। আশা করেছিলাম সাবেক রাষ্ট্রপতি এরশাদ যেহেতু সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেছেন, সেহেতু কাজ দ্রুতই শেষ হবে। কিন্তু কিছুটা কাজ হওয়ার পর নির্মাণকাজ থেমে গেছে। এখন নির্মাণাধীন সেতুর দিকে চেয়ে মানুষ শুধুই হতাশা ব্যক্ত করছেন।’

গত মঙ্গলবার দুপুরে ওই নদী পারাপারের সময় কথা হয় মোস্তফাপুর গ্রামের কৃষক শামসুল হকের (৫৫) সঙ্গে। তিনি বলেন, ‘কষ্টে নদী পার হইতে হইতে মোর জেবনটায় শ্যাষ হয়া যাওচে, তাও বিরিজটা (ব্রিজ) হইল না।’

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, নিযুক্ত ঠিকাদার প্ল্যান অনুযায়ী ২০১৫ সালের মাঝামাঝি ওই সেতুর পিলার ও দুই পাশে মাটি ভরাট করে দেন। এলজিইডির সঙ্গে চুক্তি অনুযায়ী ওই সেতুর ওপরের স্টিলের পাটাতন সরবরাহ করার কথা ছিল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। কিন্তু সওজ ওই পাটাতন সরবরাহ না করায় সেতুর নির্মাণকাজ থেমে আছে।

উপজেলা প্রকৌশলী আবু তালেব সরকার বলেন, ‘দরপত্র অনুযায়ী বরাদ্দের টাকায় দেড় বছরের মধ্যে ঠিকাদার সেতুর কাজ বুঝিয়ে দিয়েছেন। কিন্তু চুক্তি মোতাবেক সওজ বেইলি সেতুর জন্য ইস্পাতের পাটাতন সরবরাহ না করায় সেতুর নির্মাণকাজ অনেকটা শেষ হয়েও হয়নি। এ কারণে গত বছর বেইলি সেতুর ডিজাইন পরিবর্তন করে এলজিইডির অধীনে সেখানে গার্ডার ব্রিজ (ঢালাই সেতু) নির্মাণের জন্য ১ কোটি ৮৫ হাজার টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি, অচিরেই অনুমোদন পাওয়া যাবে।’