বদরগঞ্জে দেড় শ শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদসহ অন্তত দেড় শ শিক্ষকের পদ শূন্য। দীর্ঘদিনেও এ পদে শিক্ষক নিয়োগ না দেওয়ায় বিদ্যালয়গুলোতে লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। জোড়াতালি দিয়ে চলছে বিদ্যালয়গুলোর পাঠদান।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ৪৪টিতে প্রধান শিক্ষক নেই। আর সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ১০২টি। প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলোতে শিশুদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। দাপ্তরিক কাজকর্মেও নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে।
হেলারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে পাঁচটি। সেখানে প্রধান শিক্ষকসহ তিনটি পদই শূন্য। পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে সেখানে অন্য বিদ্যালয় থেকে দুজন সহকারী শিক্ষককে প্রেষণে দেওয়া হয়েছে।
রাজরামপুর গোবরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের পদ আছে। এখানে প্রধান শিক্ষকসহ তিনটি পদ শূন্য। এখানে বর্তমানে শিক্ষার্থী ১৯৫ জন। দুজন শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া দুষ্কর হয়ে পড়ায় বিদ্যালয়টিতে ফরহাদ হোসেন নামে এক শিক্ষককে প্রেষণে দেওয়া হয়েছে। এ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল ইসলাম বলেন, ‘শিক্ষক-সংকটের কারণে লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বলেন, রংপুরের অন্য উপজেলার চেয়ে এখানে শিক্ষার মান ভালো। কিন্তু ৪৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ অন্তত দেড় শ সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ‘যেসব বিদ্যালয়ে চরম শিক্ষক-সংকট রয়েছে, সেখানে প্রেষণে শিক্ষক দেওয়া হচ্ছে। শিক্ষক-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’