বদরগঞ্জে ধানের পর গমেও লোকসান, হতাশ কৃষক
রংপুরের বদরগঞ্জের কৃষকেরা ধানের পর এবার গমেও লোকসান গুনছেন। এতে তাঁরা হতাশ হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গম কাটা মাড়াই প্রায় শেষ পর্যায়ে। এবার উপজেলায় ১ হাজার ৪০০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। গত আমন মওসুমে ধান চাষ হয়েছে ১৯ হাজার হেক্টর। মণপ্রতি গমে কৃষকের ৭০০ টাকা ও ধানে উৎপাদন খরচ পড়েছে প্রায় ৪০০ টাকা। বর্তমানে বাজারে গম প্রতিমণ (৪০ কেজি) ৬০০-৬২০ টাকা ও আমন ধান প্রতিমণ (২৮ কেজি) ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার দামোদরপুর ইউনিয়নের তুফানুপাড়া গ্রামের কৃষক আবুবক্কর সিদ্দিক (৩০) বলেন, ‘আমনে পাঁচ বিঘায় (৩০০ শতক) ধান পাইছি ১৫০ মণ। তাক ৩৫০ টাকা দরে বেচাছি ৫২ হাজার ৫০০ টাকায়। সেই ধান ঘরে তোলা পর্যন্ত খরচ হইচে ৬১ হাজার টাকা। অনেক আশা নিয়া এবার তিন বিঘাত গম দিছি। গম পাচি ৩৬ মণ। খরচ হইচে ৩৫ হাজার টাকা। গত সোমবার প্রতিমণ ৬২০ টাকা দরে ৩৬ মণ গম বেচেয়া পাছি ২২ হাজার ৩২০ টাকা। এতে ঘর থাকি লস হইচে ১৮ হাজার ৮২০ টাকা।’
দামোদরপুর হাটখোলাপাড়া গ্রামের কৃষক আদম আলী বলেন, ‘এই সরকার খালি কেষকের কোমর ভাঙ্গি ফেলাইছে। চাকরিয়ার (চাকরিজীবী) বেতন দুই-তিন গুণ বাড়াইছে। সউগ জিনিসের দামও বাড়ি গেইছে। তা হইলে তোরায় কন, হামার কী হইবে? হামরা কী মরমো?’
আমরুলবাড়ি গ্রামের কৃষক আমিনুল ইসলাম (৪৮) বলেন, ‘গত বছর এই সময়ে বাজারে এক মণ (৪০ কেজি) গম বিক্রি করছি ৯০০ টাকায়। এবার সেই গম বিক্রি হওছে ৬০০ থেকে ৬২০ টাকায়। চার বছর থেকে ধান আবাদ করে খরচে ওঠে নাই। এবার গমেও লস। কৃষক এই ক্ষতি পোষাবে কেমন করে?’
ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন (৩৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাজারে যেকোনো জিনিস কিনতে গেলে দাম বেশি। কিন্তু আমরা যেটাই আবাদ করি, সেটারে দাম পাই না। লস খাইতে খাইতে কৃষকের পীঠ দেয়ালে ঠেকে গেছে।’
বদরগঞ্জ বাজারের গম ব্যবসায়ী সাদিকুল ইসলাম বলেন, ‘গত বছর গম কাটা মাড়াই মৌসুমে প্রতিমণ গম কিনেছি ৯০০ টাকা দরে। এবার সেই গম কিনতেছি ৬০০-৬২০ টাকায়।’
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘গত বছর উপজেলায় গম চাষ হয়েছিল ১ হাজার ৫৫০ হেক্টরে। চলতি মৌসুমে চাষ হয়েছে ১ হাজার ৪৭৫ হেক্টরে। গত তিন-চার বছর ধরে ধান আবাদ করে কৃষক লাভের মুখ তেমন দেখেনি। এবার গমেও লোকসান গুনছেন। এভাবে একের পর এক লোকসান হলে কৃষকেরা ধান-গম চাষে উৎসাহ হারিয়ে ফেলবে। এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনৈতিক উন্নয়নে।’
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘উপজেলা খাদ্যগুদামে সরকার নির্ধারিত ২৮ টাকা কেজি দরে এবার ৫০০ মেট্রিক টন গম ক্রয় করা হবে। কিন্তু ক্রয়ের নির্দেশনা ও এ-সংক্রান্ত উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির কোনো মিটিং না হওয়ায় এখনো গম কেনা শুরু করা যায়নি।’