বদরগঞ্জে নিজ ঘরে স্কুলশিক্ষিকা খুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার নাওপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলতাফুন নাহারকে (৩০) নিজ বাড়িতে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মধুপুর পাকারমাথা গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা কী কারণে তাঁকে হত্যা করেছে পুলিশ তা উদ্ঘাটন করতে পারেনি। শিক্ষিকা আলতাফুন নাহারের স্বামী জাহেদুল ইসলাম উপজেলার মধুপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। জাহেদুল ইসলামের ভাষ্যমতে, বাড়ির অদূরে তাঁর একটি মুদির দোকান আছে। শিক্ষকতার ফাঁকে তিনি দোকানটি চালান। ঘটনার দিন বিকেলে স্ত্রীকে বাড়িতে একা রেখে তিনি দোকানে যান। রাত ১০টার দিকে বাড়িতে ফিরে দেখেন, ঘরের দরজা খোলা। ভেতরে আসবাবপত্র তছনছ। বিছানার ওপর পড়ে আছে স্ত্রীর লাশ। এ দৃশ্য দেখে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। জাহেদুল বলেন, দুর্বৃত্তরা তাঁর স্ত্রীকে হত্যা করে স্বর্ণালংকার ও দামি জিনিসপত্রসহ নগদ আট হাজার টাকা নিয়ে গেছে। তাঁর একটি ছেলে (৬) রয়েছে। ঘটনার দিন ওই ছেলেটি তার নানার বাড়িতে ছিল। জাহেদুল বলেন, কে বা কারা তাঁর স্ত্রীকে হত্যা করেছে তা তিনি বলতে পারেন না। তাঁর কোনো শত্রু ছিল না। আলতাফুন নাহারের বাবা আকবর আলী বলেন, ‘আমার মেয়ে ছিল অত্যন্ত শান্ত। স্বামীর সংসারে কোনো ঝগড়াঝাঁটি ছিল না। সুখেই দিন কাটছিল। কারা আমার মেয়েকে হত্যা করল, বুঝতে পারলাম না।’ বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, লাশের গলায় কালো দাগ ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নিহতের ভাই সামসুদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় কাউকে আসামি করা হয়নি। তবে এ ঘটনায় নিহতের স্বামী জাহেদুলকে গতকাল সন্ধ্যায় রংপুর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।