হাইকোর্ট আজ দুই গৃহবধূর বক্তব্য শুনবেন
বদরগঞ্জে নির্যাতিত গৃহবধূর ঘরে সিঁদ কেটে প্রবেশের চেষ্টা
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গ্রাম্য সালিসে নির্যাতনের শিকার সেই দুই গৃহবধূর একজনের ঘরে সিঁদ কেটে প্রবেশের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।ওই গৃহবধূ বিষয়টি বদরগঞ্জ থানার পুলিশকে জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, তাঁকে হত্যা করার উদ্দেশ্যেই সিঁদ কাটা হয়েছে। এ ছাড়া গৃহবধূর বাবাকে হত্যার হুমকি দেওয়ায় গতকাল শনিবার তিন ব্যক্তির নামে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, ওই ঘটনার পর চৌকিদার ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত ছয়জনের একটি দল শুক্রবার থেকে নির্যাতিত দুই গৃহবধূর বাড়ি পাহারা দিচ্ছে। তিনি গৃহবধূর বাবাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জিডির কথা নিশ্চিত করেন।ওই গৃহবধূ অভিযোগ করেন, রাত দুইটার দিকে তাঁর ঘরের পেছনে দুর্বৃত্তরা সিঁদ কাটা শুরু করে। টের পেয়ে তিনি টর্চলাইট জ্বালিয়ে তিন ব্যক্তিকে দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের একজনের হাতে লম্বা ছুরি ছিল বলে জানান তিনি।গৃহবধূ জানান, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজারামপুর কাশিগঞ্জের চুতরীর মোড়ে তাঁর বাবা হাবিবুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতারা আদালতে চেয়ারম্যানের (মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হক) পক্ষে কথা বলার জন্য শাসিয়েছে। এ ঘটনায় শিরু হোসেন (৩৫), জাহিদুল ইসলাম (৩৬) ও কাশেম আলীর (৩০) নাম উল্লেখ করে তিনি গতকাল জিডি করেছেন।উপজেলার রাজারামপুর নাওপাড়া গ্রামের এক ব্যক্তি গত ২৪ জুন বিষপানে আত্মহত্যা করেন। ওই ব্যক্তির পরিবার অভিযোগ করে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর স্ত্রীর বিচার করার জন্য সালিস ডাকা হয়। গত ২৬ জুন গ্রামে সালিস বসে। সালিসে ওই ব্যক্তির স্ত্রী এবং পাশের বাড়ির এক গৃহবধূকে চরিত্রহীনা অপবাদ দিয়ে স্থানীয় মাতব্বরদের নির্দেশে প্রকাশ্যে লাঠিপেটা করা হয়। এ ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা বেগম গত ৬ জুলাই বদরগঞ্জ থানায় মামলা করেন।হাইকোর্ট আজ দুই গৃহবধূর বক্তব্য শুনবেন: গত ৭ জুলাই প্রথম আলোয় ‘সালিসে প্রকাশ্যে দুই গৃহবধূকে লাঠিপেটা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। গত ২৪ জুলাই হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। আদালতের নির্দেশে বদরগঞ্জ থানার ওসি ও সালিসে অংশ নেওয়া ইউপি চেয়ারম্যানসহ সাতজন ৩১ জুলাই আদালতে হাজির হন। পরে আদালত নির্যাতনের শিকার দুই গৃহবধূর বক্তব্য শুনতে ৭ আগস্ট (আজ) তাঁদের আদালতে হাজির করতে বদরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যান আয়নাল হক, বিএনপি নেতা আবদুর রউফ মণ্ডলসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।