বদরগঞ্জে নির্যাতিত সেই দুই গৃহবধূকে গাভি দিলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার কাশিগঞ্জ গ্রামে সালিসের নামে মাতব্বরদের নির্দেশে নির্যাতন করা দুই গৃহবধূকে গাভি ও নগদ টাকা দিয়েছেন স্থানীয় সাংসদ। গতকাল শুক্রবার বেলা ১১টায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ওই দুই গৃহবধূর হাতে বাছুরসহ দুটি গাভি ও নগদ দুই হাজার করে টাকা তুলে দেওয়া হয়। এ উপলক্ষে লে. কর্নেল (অব.) নজরুল হক বীর প্রতীকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ হোসেন, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার, সাংবাদিক মাহফুজার রহমান ও রুহুল আমিন সরকার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল নির্যাতিত গৃহবধূদের প্রতি সহানুভূতি প্রকাশ করে ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানান।কাশিগঞ্জ গ্রামের এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে গত ২৪ জুন বিষপানে আত্মহত্যা করেন। এ ঘটনার জন্য ওই ব্যক্তির ও তাঁর এক প্রতিবেশীর স্ত্রীকে দায়ী করা হয়। ওই নারীদের চরিত্রহীন অপবাদ দিয়ে স্থানীয় মাতব্বরেরা গত ২৬ জুন সালিস বসিয়ে তাঁদের লাঠিপেটা করেন ও লাথি মারেন।