বদরগঞ্জে নেশা জাতীয় দ্রব্য পানে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নেশাজাতীয় বিষাক্ত দ্রব্য পানে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলা পরিষদ সড়কের শঙ্কর গোয়ালা (৫৫) ও এসআর পাড়ার সাজ্জাদ করিম ওরফে ঢেপু (৫৮)। গত শনিবার রাতে তাঁরা একসঙ্গে নেশা জাতীয় বিষাক্ত দ্রব্য পান করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সাজ্জাদ করিমের ছেলে লিক্সন বলেন, তাঁর বাবা নেশা করতেন। শনিবার সন্ধ্যায় পৌর শহরের একটি হোমিও ওষুধের দোকানের বিষাক্ত রেকটিফায়েট স্পিরিট পান করলে বমি শুরু হয়। রাত দুইটার দিকে বাড়িতেই তিনি মারা যান।
শঙ্কর গোয়ালার স্ত্রী ববি রানী গোয়ালা জানান, গত শনিবার সন্ধ্যার পর শহর থেকে বাজার নিয়ে বাড়ি ফিরলে তাঁর বমি শুরু হয়। দ্রুত তাঁকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।