বদরগঞ্জে পাঁচ সড়কের ওপর হাটবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ পৌর শহরের পাঁচটি সড়কে দোকানপাট বসায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। জানা গেছে, উপজেলার সবচেয়ে বড় হাটবাজার হলো বদরগঞ্জ হাটবাজার। পৌর শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি সড়কজুড়ে দোকানপাট বসে। এর মধ্যে পৌর শহরের হাসপাতাল সড়কে কাঁচাবাজার, রেজিস্ট্রি অফিস সড়কে কাপড় ও ফলমূল, থানা সড়কে খড়, আলু ও ধানের বাজার, স্টেশন সড়ক এবং উপজেলা ভূমি কার্যালয়ে যাতায়াতের সড়কে প্রতিদিন ভ্রাম্যমাণ বাজার বসে। অথচ পৌর শহরে রয়েছে তিনটি কলেজ, তিনটি মাধ্যমিক, দুটি নিম্নমাধ্যমিক, তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিনটি মাদ্রাসা। সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার এখানে বিশাল হাট বসে। এ দুদিন সড়কগুলো মানুষে একাকার হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে সাধারণত ওই দুদিন অনেক অভিভাবক সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠান না।বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী রোজিনা খাতুন অভিযোগ করেন, হাসপাতাল সড়কে বাজার বসায় কলেজে যাতায়াত করতে সমস্যা হয়। কিন্তু হাটবারে দুর্ঘটনা এড়াতে কলেজে যাই না। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের আরেক ছাত্রী বলেন, ‘হাটবারে ওই সড়ক দিয়ে যাতায়াত করলে মানুষের ভিড়ের কারণে ঠেলাঠেলিতে পড়ে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়।’কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার বলেন, ‘ছাত্রীদের চলাচলের সুবিধার্থে সড়কটি বাজারমুক্ত করতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অনেকবার আমি অভিযোগ করেছি। কিন্তু কাজ হয়নি।’ বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বলেন, থানায় যাতায়াতের সড়কে ধান, আলু ও খড়ের বাজার বসার কারণে জরুরি প্রয়োজনে পুলিশ যানবাহন নিয়ে সহজে থানা থেকে বের হতে কিংবা ঢুকতে পারেন না। ভুক্তভোগী মানুষও তড়িঘড়ি থানায় এসে সেবা নিতে পারেন না। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক রফিকুল ইসলাম জানান, হাসপাতাল সড়কে কাঁচাবাজার বসায় অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী নিয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করতে দীর্ঘ সময় লাগে। এ কারণে অনেক সময় পথেই রোগী মারা যায়।বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জানান, ব্যবসায়ীদের বসার জায়গা না থাকায় সড়কের ওপরে বাজার বসে। এতে জনদুর্ভোগ হয়। বাজার সরানোর বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা জানান, প্রয়োজনের তুলনায় হাটবাজারের জায়গাটি ছোট। এ কারণে খুদে ব্যবসায়ীরা সড়কের ওপর দোকান বসান। অন্যত্র জায়গা করে দিলেও ব্যবসায় মার খাওয়ার ভয়ে তাঁরা যেতে চান না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, সড়কগুলো চলাচলের উপযোগী রাখতে সবার সহযোগিতা দরকার। কিন্তু সেই সহযোগিতা পাওয়া যায় না। তার পরও সড়কগুলো দখলমুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে।