বদরগঞ্জে পানিতে ডুবে চারটি শিশুর মৃত্যু
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত শুক্রবার পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুরা হলো উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের লিটন মিয়ার মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী লিপি (৬), একই ইউনিয়নের বালাপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী লিমন (৮), পৌরসভার বটপাড়া গ্রামের জগেন্দ্রনাথ রায়ের মেয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মিনাক্ষী রায় (৮) ও গোপীনাথপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের দীনবন্ধু রায়ের মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী কোকিলা রায় (৮)।
মৃত শিশুদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লিপি ঈদ উপলক্ষে গত বুধবার নানার বাড়ি বালাপাড়া গ্রামে বেড়াতে যায়। শুক্রবার দুপুরের পর থেকে লিপি ও তার মামাতো ভাই লিমন নিখোঁজ হয়। ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত তাদের খোঁজাখুঁজি করা হয়। গতকাল সকাল সাতটার দিকে বাড়ির পাশের পুকুরে উভয়ের লাশ ভেসে ওঠে। সকাল ১০টার দিকে এলাকায় জানাজা শেষে শিশু দুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মিনাক্ষী রায় গত মঙ্গলবার মামা দীনবন্ধু রায়ের বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকালে মামাতো বোন কোকিলাকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে তাদের দুজনের মৃত্যু হয়।